একটু বৃষ্টি হলেই পানি জমে বাউনিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে যায় রাজধানীর উত্তরার হরিরামপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড বাউনিয়া। বর্ষাকালে সেই জলাবদ্ধতার পরিমাণ ও স্থায়িত্ব বাড়ে। এতে ভোগান্তিতে পড়তে হয় ওয়ার্ডের ৩০ হাজারের বেশি মানুষকে।
দুই দিন আগে দেখা যায়, পাবনারটেক সড়ক, বাউনিয়া বেড়িবাঁধ সংযোগ সড়ক, তোতা মিয়া সড়ক, হাজি কালু মিয়া সড়ক, বাউনিয়া পুকুরপাড় সড়ক, মাতবর বাড়ি সড়কসহ বাউনিয়ার দুপেয়ে চলাচলের সড়কগুলো জলাবদ্ধ। বিভিন্ন সড়কে এ জলাবদ্ধতার পরিমাণ হাঁটুপানি পর্যন্ত। বৃষ্টি হলেই পানি জমছে মানুষের বসতবাড়িতে ও রাস্তায়।
হরিরামপুর ইউনিয়নের ৮ নম্বর বাউনিয়া ও বাদালদি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এর মধ্যে বাউনিয়াতেই বেশি মানুষ বাস করে। জীবিকার তাগিদে এদের অধিকাংশই রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াত করে। উত্তরা মডেল টাউনের অনেক স্কুলেও পড়াশোনা করে বাউনিয়ার অনেক শিক্ষার্থী। বাউনিয়া মাতবর বাড়ির বাসিন্দা আরিফা আহমেদ উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাউনিয়া মূল সড়ক পর্যন্ত প্রথমে পচা পানি পেরিয়ে আসতে হয় তাকে। তারপর অটো ধরে অফিস। আরিফা প্রথম আলোকে বলেন, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। বর্ষাকালে ভোগান্তি আরও বাড়ে।
স্কুল শেষে জুতা-মোজা খুলে হাতে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ৬ নম্বর সড়ক বাউনিয়া পূর্বপাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র মো. আদনান। কারণ বাড়ির পথে তাকে জলকাদা মাড়িয়ে বাড়ি ফিরতে হবে। আদনান বলে, ‘আমাদের বাড়ির রাস্তার পানি পচে গেছে। সেখান দিয়েই হেঁটে আসতে হয়। স্কুলে এসে জুতা পরলে পা চুলকায়।’ জলাবদ্ধতা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হলে সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, এখন এই এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। তাঁরা সিটি করপোরেশনের দিকে তাকিয়ে আছেন।