একটু বৃষ্টি হলেই মাঠে পানি, খেলাধুলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টি হলেই বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী মাঠে পানি জমে যায়। পানি সরার কোনো ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে মাঠের বেশির ভাগ স্থান নিমজ্জিত থাকে। ফলে বন্ধ থাকে খেলাধুলা।গত রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার দক্ষিণে সীমাবাড়ী ইউনিয়নের বাজারের পাশে সীমাবাড়ী এসআর বালিকা উচ্চবিদ্যালয় ও সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুটি বিদ্যালয়ের সামনের মাঠে বেশির ভাগ স্থান পানিতে নিমজ্জিত। বদ্ধ পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।সীমাবাড়ী এসআর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সাহা ও সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোলন কুমার মহন্ত জানান, মাঠের ওপর দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। কিন্তু বৃষ্টিতে মাঠ নিমজ্জিত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এই মাঠই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় ছেলেমেয়েদের একমাত্র খেলার স্থান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও এ মাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু বর্ষা মৌসুমে বেশির ভাগ সময়ে বৃষ্টির পানিতে মাঠটি নিমজ্জিত থাকায় আর খেলাধুলা হয় না। পানি নিষ্কাশন এবং মাঠটির সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোনো উপকার হয়নি।স্থানীয় তরুণ আবদুল সালাম ও মো. সেলিম জানান, প্রতিদিন বিকেলে এলাকার যুবকেরা ফুটবল ও ক্রিকেট খেলাধুলায় অংশ নিতেন। কিন্তু মাঠ নিমজ্জিত থাকায় খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে।শিক্ষক আতিকুর রহমান, অভিভাবক আবদুল মান্নান ও আমজাদ হোসেন জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মাঠটির সংস্কার করা হলে এলাকার তরুণেরা খেলাধুলার পরিবেশ ফিরে পাবেন। এলাকার তরুণসমাজ নেশা থেকে দূরে থাকবে।সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনছুর রহমান আকন্দ জানান, এক যুগ ধরে মাঠটির কোনো সংস্কার হয়নি। ফলে মাঠটিতে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। মাঠটির সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।