একটু বৃষ্টিতেই মহাস্থানগড়ে যাওয়ার সড়কে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টি হলেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে যাওয়ার শিবগঞ্জ-মহাস্থানগড় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টি হলেই মহাস্থানগড় দেখতে আসা পর্যটক এবং স্থানীয় লোকজনের বেড়েছে ভোগান্তি।এলাকাবাসী জানান, বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাটের কাছ থেকে যে সড়কটি শিবগঞ্জ উপজেলার দিকে গেছে, সেটিই শিবগঞ্জ-মহাস্থানগড় সড়ক। মহাস্থানগড়কে ঘিরে এখানে গড়ে উঠেছে বাজার। এই বাজারের কাছের সড়কটির ৫০০ ফুট এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বগুড়া-রংপুর মহাসড়ক এই সড়কটির চেয়ে অনেক উঁচু। এ ছাড়া এ সড়কের পাশে যে নালা নির্মাণ করা হয়েছে তা তত গভীর নয়। তাই বৃষ্টি হলে মহাসড়ক থেকে পানি শিবগঞ্জ-মহাস্থানগড় সড়কে এসে জমা হয়। নালা দিয়ে পানি সরতে না পারায় এখানে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়। গত রোববার সকালে ৩০ মিনিট বৃষ্টির পর দুপুর দুইটায় সরেজমিনে দেখা যায়, মহাস্থানগড় বাজারের পাশের ওই সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নালা উপচে গিয়ে সড়ক ডুবিয়ে দিয়েছে। সড়কে জমে থাকা নোংরা পানির মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় ও কলেজ থেকে বাড়ি ফিরছে। স্থানীয় রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেঞ্চদ জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে সড়ক হওয়ায় তিনি কিছু করতে পারছেন না। তা ছাড়া পরিকল্পিতভাবে নালা নির্মাণ এবং সড়কের কিছু অংশ উঁচু করার ক্ষেত্রে সওজের সহায়তা প্রয়োজন। এসব করতে যে টাকা লাগবে তা ইউনিয়ন পরিষদের তহবিলে নেই।সওজের বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ওই স্থানের জলাবদ্ধতা দূর করার জন্য তাঁরা শিগগিরই কাজ শুরু করবেন।