এসএসসির ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
একটু মনোযোগ দিয়ে পড়লেই পরীক্ষায় ভালো ফল সম্ভব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ সৃষ্টি করেছে। একটু মনোযোগ দিয়ে পড়লেই পরীক্ষায় ভালো করা সম্ভব। ফলে কোনোভাবেই পরীক্ষায় ফেল করার মানে হয় না। গতকাল বুধবার সকালে গণভবনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেখানে শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছি, সেখানে শিক্ষার্থীদের বেশিমাত্রায় ফেল করার কোনো মানে হয় না। বর্তমান বিশ্বের চাহিদা বিবেচনা করে সরকার কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে, যেন ভবিষ্যৎ প্রজন্ম প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মেলাতে পারে।’
শেখ হাসিনা বলেন, প্রতিবছর মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং বৃত্তি চালুর ফলে অভিভাবকদের আর্থিক চাপ অনেকাংশেই কমে এসেছে।
শিক্ষার উন্নয়নে গৃহীত সুযোগ-সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভালো ফলাফলকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মেধাবী। তাই আর যা-ই হোক, তারা পরীক্ষায় ফেল করতে পারে না।’
প্রধানমন্ত্রী এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি ও পঞ্চগড় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ফিলিস্তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ : ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস ওয়াই রমাদান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাঁরা মধ্যপ্রাচ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আরবি সংস্করণ প্রকাশের বিষয় নিয়েও কথা বলেন।