একটু যত্নেই স্বনির্ভর হতে পারে অটিজম আক্রান্ত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিজম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানসহ আরও কয়েকটি গানের সঙ্গে মনোজ্ঞ ডিসপ্লের প্রদর্শন করে অটিজম আক্রান্ত শিশুরা। ছবি: সংগৃহীত
অটিজম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানসহ আরও কয়েকটি গানের সঙ্গে মনোজ্ঞ ডিসপ্লের প্রদর্শন করে অটিজম আক্রান্ত শিশুরা। ছবি: সংগৃহীত

সাধারণ শিশুদের মতোই দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজোসহ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দুই শয়ের বেশি অটিজম আক্রান্ত শিশু। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ শুক্রবার আয়োজন করা হয় এ প্রতিযোগিতার।

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান ‘কানন’-এর ছাত্রছাত্রীদের জন্য ছিল বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০৫ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে কাননের ১৬৫ জন শিক্ষার্থী। আর অন্যরা ‘ফ্রি স্যাটারডে ক্লিনিক অ্যান্ড আরলি স্টিমুলেশন প্রোগ্রামের’।

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য ও রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুরা যাতে পরিবারে ও সমাজে বোঝা না হয়, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। একটু বাড়তি যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের অভিভাবকদের সাহায্য ছাড়াই চলতে পারার যোগ্য করে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম বলেন, অটিজম আক্রান্ত শিশুদের প্রতি অবহেলা নয়, তাদের সঙ্গে অন্যান্য শিশুর মতোই আচরণ করতে হবে। তাদের বিশেষ চাহিদাগুলো মেটানোর দিকেও নজর দিতে হবে।

সকালে প্রতিযোগিতার প্রথম পর্বের শুরুতেই শরীরচর্চা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এরপর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানসহ আরও কয়েকটি গানের সঙ্গে মনোজ্ঞ ডিসপ্লের প্রদর্শন করে তারা। এ ছাড়া তারা বস্তা দৌড়, অঙ্ক দৌড়, চকলেট দৌড়, বল কিক এবং বল নিক্ষেপ খেলায় অংশ নেয়।
বিকেলে মিউজিক্যাল চেয়ারসহ আরও কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।