বিশেষ সাক্ষাৎকার : মাহফুজ ফারুক
একটু সুযোগ পেলে মূলধারার রেডিওকে হারিয়ে দেব
রেডিও সারাবেলা উত্তরের জেলা গাইবান্ধার একটি জনপ্রিয় কমিউনিটি রেডিও। প্রতিষ্ঠানটির ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কার ও স্বীকৃতি। রেডিও সারাবেলার নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক। আজ ১৩ ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবসে একটি কমিউনিটি রেডিও কীভাবে চলে, এর আয়রোজগার, সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম–উজ–জামান।
প্রথম আলো: রেডিও দিবসে আপনাকে শুভেচ্ছা জানাই। উত্তরবঙ্গের একটি কমিউনিটি রেডিও হিসেবে আপনাদের অনুষ্ঠান কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে ধারণা দিন।
মাহফুজ ফারুক: আপনাকেও বিশ্ব রেডিও দিবসের শুভেচ্ছা। আমরা স্থানীয় মানুষের প্রয়োজন ও চাহিদার দিক লক্ষ্য রেখে অনুষ্ঠান নির্মাণ করি। আমাদের অনুষ্ঠানের কুশীলবেরা সবাই স্থানীয় মানুষ। গাইবান্ধা জেলা বন্যাপ্রবণ একটি জেলা। তাই বন্যার আগাম বার্তা, বন্যা চলাকালে সর্বশেষ তথ্য ও করণীয় এবং বন্যা–পরবর্তী সময়ে আবার কীভাবে ঘুরে দাঁড়ানো যাবে—সেসব বিষয় আমরা অনুষ্ঠানে তুলে ধরি।
করোনার শুরু থেকেই আমরা কাজ করে আসছি। রেডিও সারাবেলার মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় টেলিমেডিসিন সেবা পৌঁছে দিয়েছি। করোনা বিষয়ে বহুমাত্রিক সম্প্রচার কার্যক্রমের ফলে সাবেক জেলা প্রশাসক মো. আবদুল মতিন লাইভ ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রেডিও সারাবেলার ভূমিকার কথা তুলে ধরেন। করোনায় আমাদের তৎপরতার স্বীকৃতি হিসেবে ইউনেসকো নিজে উদ্যোগী হয়ে রেডিও সারাবেলার ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেছে। পাশাপাশি আমরা শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, কৃষি, শিশু, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, চর, ক্যারিয়ারসহ মানুষের অধিকার, উন্নয়ন, সাফল্য, সম্ভাবনা, দুর্ভোগ নিয়ে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে চলেছি।
প্রথম আলো: কমিউনিটি রেডিও তো এখন আর কমিউনিটিতে সীমাবদ্ধ নেই। অ্যাপ, ফেসবুক পেজ ও অনলাইনে যুক্ত হয়ে পৌঁছে গেছে সারা দুনিয়ায়। এ জায়গায় রেডিও সারাবেলার অগ্রগতি কতটুকু?
মাহফুজ ফারুক: এ জায়গায় আমরাও কাজ করছি। এফএম তরঙ্গে রেডিও সারাবেলা সম্প্রচারের পাশাপাশি গুগল অ্যাপ ও ওয়েবসাইটেও একযোগে সম্প্রচার চলছে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও আমরা কিছু কিছু প্রোগ্রাম ও উন্নয়ন প্রতিবেদন ভিডিও আকারে আপলোড করছি। আমাদের কনটেন্টগুলোর ভিউ তিন মিলিয়ন ছাড়িয়ে গেছে। এ ছাড়া আমাদের সব অনুষ্ঠানের হালনাগাদ তথ্য ফেসবুকে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের শ্রোতা অংশগ্রহণ বাড়ছে। সেখানে তাঁরা তাঁদের মতামতও জানাতে পারছেন। বাংলাদেশে কমিউনিটি রেডিও খাতে ইউটিউবে আমরাই প্রথম মনিটাইজেশন পেয়েছি। সব মিলিয়ে বলা যায়, রেডিও সারাবেলা অনলাইন দুনিয়ায় সরব আছে।
করোনায় আমাদের তৎপরতার স্বীকৃতি হিসেবে ইউনেসকো নিজে উদ্যোগী হয়ে রেডিও সারাবেলার ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেছে।
প্রথম আলো: মূলধারার রেডিওর সঙ্গে কমিউনিটি রেডিওর মৌলিক কোনো পার্থক্য আছে কি? থাকলে তা কতটা? এই পার্থক্য কমিয়ে আনা যায় কীভাবে?
মাহফুজ ফারুক: পার্থক্য তো অনেক আছে। প্রথমত, মূলধারার রেডিওগুলোতে একদল সম্প্রচারকর্মী সারা দেশের শ্রোতাদের জন্য অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করছেন। অন্যদিকে কমিউনিটি রেডিওর অনুষ্ঠান তৈরি হচ্ছে সংশ্লিষ্ট কমিউনিটির মানুষের হাত দিয়ে। অর্থাৎ মূলধারার রেডিও অন্যদের জন্য কনটেন্ট বানায় আর কমিউনিটি রেডিওতে কমিউনিটির মানুষ তাঁদের নিজেদের জন্য কনটেন্ট বানান। এর ফলে কমিউনিটি রেডিওর নিজ নিজ সম্প্রচার এলাকায় কমিউনিটি রেডিওর সম্পৃক্ততা অনেক বেশি। কারণ, নিজেরা কনটেন্ট বানানোর কারণে ওই কমিউনিটির মানুষের ওনারশিপ তৈরি হচ্ছে।
এ ছাড়া মূলধারার রেডিওগুলো প্রধানত বিনোদননির্ভর অনুষ্ঠান বানায়। আর কমিউনিটি রেডিও সংশ্লিষ্ট কমিউনিটির চাহিদা বিবেচনায় রেখে অনুষ্ঠান নির্মাণ করে। মূলধারার সঙ্গে কমিউনিটি রেডিওর পার্থক্য থাকার প্রয়োজন আছে। তা না হলে কমিউনিটি রেডিও তার স্বকীয়তা হারাবে।
এবার আসি অন্য পার্থক্য প্রসঙ্গে, যেটি কমিয়ে আনার জন্য কাজ করা যেতে পারে। মূলধারার রেডিওগুলো রাজধানীকেন্দ্রিক হওয়ায় বাণিজ্যিক বিজ্ঞাপনের বাজার পুরোপুরি তাদের দখলে রয়েছে। যেখানে কমিউনিটি রেডিওগুলো জায়গা করে নিতে পারছে না। অথচ দেশের চলমান ১৯ কমিউনিটি রেডিওর হাতে এক কোটির বেশি শ্রোতা আছেন। এ জায়গায় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর বড় একটি বাজার কিন্তু রয়েছে। যেটি নিয়ে কাজ করলে মূলধারার রেডিও ও কমিউনিটি রেডিওর মধ্যে বিজ্ঞাপনসংক্রান্ত দূরত্ব কমিয়ে আনা সম্ভব। কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না। বিজ্ঞাপন থেকে হোক আর উদ্যোক্তা সংস্থা বা অন্য যেকোনো মাধ্যম থেকেই হোক না কেন, সুযোগ দরকার। মূলধারার রেডিওকে পেছনে ফেলে নিজেরা দৃষ্টান্ত হওয়া এখন শুধু সাপোর্টের ব্যাপার মাত্র। দাবি করেই বলতে পারি, একটু সুযোগ পেলে মূলধারার রেডিওকে হারিয়ে দেব।
প্রথম আলো: আপনারা গ্রামের সাধারণ মানুষকে নিয়ে অনুষ্ঠান নির্মাণ করেন। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? আপনাদের টক শোগুলোতে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিরা অংশ নেন। আপনাদের কাজের অভিজ্ঞতা জানতে চাই।
মাহফুজ ফারুক: প্রত্যন্ত অঞ্চলে কাজ করার জন্য কত যে বিষয় ছড়িয়ে ছিটিয়ে আছে তা বলার অন্ত নেই। চাইলেই সেসব বিষয় মূলধারার গণমাধ্যমে সব ক্ষেত্রে তুলে ধরা যায় না। কারণ, সেখানে স্পেস অনেক কম। তা ছাড়া অনেক ক্ষেত্রে সম্প্রচার ভ্যালুও হারিয়ে যায়। অন্যদিকে এসব নিয়ে কমিউনিটি রেডিওতে কাজের সুযোগ অনেক। গ্রামের সাধারণ মানুষকে নিয়ে অনুষ্ঠানের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হলো বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা সোজাসাপটা কথা কোনো রাখঢাক ছাড়াই বলে ফেলেন। বলার ক্ষেত্রে আগে–পরে কোনো ভাবনা তাঁদের খুব একটা নেই। অন্যদিকে আমাদেরকে গ্রহণ করার ক্ষেত্রে তাঁদের কোনো কৃত্রিমতা নেই। সাদরে গ্রহণ করেন। এটা অনেক উপভোগ্য।
তৃণমূলের জনপ্রতিনিধিরা রেডিও অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু এসব অনুষ্ঠানে তাঁরা রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ পান না। কেননা কমিউনিটি রেডিও নীতিমালায় এ বিষয়টি সম্পর্কে মাত্রা বেঁধে দেওয়া আছে। ফলে জনপ্রতিনিধিদের কথা বলতে হয় জনগণকে দেওয়া তাঁদের প্রতিশ্রুতি নিয়ে। অনুষ্ঠানগুলোর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হয়ে পড়েন তাঁরা। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটির মানুষ সরাসরি সুফল পেয়ে থাকেন। এ ধারা নিয়ে সব কটি কমিউনিটি রেডিওতে আরও সুপরিকল্পিতভাবে কাজ হওয়া দরকার বলে মনে করি।
প্রথম আলো: আপনারা মোট অনুষ্ঠান সময়ের ১০ শতাংশ সময়ে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করতে পারেন। কিন্তু বিজ্ঞাপন কতটা পাওয়া যায়?
মাহফুজ ফারুক: বাণিজ্যিক বিজ্ঞাপন আমরা আগে নিতে পারতাম না। কিন্তু ২০১৭ সালের নীতিমালায় সরকার ১০ শতাংশ বাণিজ্যিক বিজ্ঞাপন নেওয়ার সুযোগ করে দিয়েছে। এটি আনন্দের সংবাদ হলেও এটি আমাদের আয়ের জায়গায় কাঙ্ক্ষিত মাত্রা যুক্ত করতে পারছে না। অথবা বলা যেতে পারে, এটি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। কিন্তু কেন এবং কী করা দরকার, তা নিয়ে এর আগেও আমি লেখালেখি করেছি। সেখানে বিষয়টি নিয়ে বিস্তর আলোকপাত ও বিকল্প প্রস্তাব দিয়েছি। সেটি অনেক দীর্ঘ ব্যাপার। এখানে ছোট আকারে আপনাকে বলি, কমিউনিটি রেডিওগুলো চলে প্রত্যন্ত এলাকায়। যেখানে কোনো বিজ্ঞাপন সংস্কৃতি গড়ে ওঠেনি। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চল বা ছোট শহর হওয়ায় সবাই যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চেনেনই, সেহেতু তাঁরা টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে আগ্রহী নন। তাই সাড়াটা খুব কম। তবে আমরা বিজ্ঞাপনের হার অনেক কমিয়ে এনেছি। ফলে ৩০টির মতো স্থানীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমরা পেয়েছি। কিন্তু এখান থেকে যা আসে, তা আমাদের মোট মাসিক ব্যয়ের ৫ শতাংশের কম।
তবে একটু আগে যে কথাটি বলছিলাম, কমিউনিটি রেডিওগুলোর হাতে এখন ১ কোটির বেশি শ্রোতা ব্যাংক আছে। এই শ্রোতা ব্যাংককে যদি জাতীয় পর্যায়ের বাণিজ্যিক বিজ্ঞাপন সরবরাহ করা যায়, তাহলে ১০ শতাংশ বাণিজ্যিক বিজ্ঞাপনের বিষয়টি আমাদের আর্থিক স্থিতিশীলতা অর্জনে অনেক শক্তি ও সাহস জোগাবে। তবে এখন প্রশ্ন হতে পারে, বাকি ৯৫ ভাগ খরচ আমরা কীভাবে মেটাচ্ছি। বিভিন্ন উন্নয়ন সংস্থা কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের মাধ্যমে চুক্তিভিত্তিক স্বল্পমেয়াদি উন্নয়ন বিজ্ঞাপন ও উন্নয়ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এর সঙ্গে আমাদের উদ্যোক্তা সংস্থার সহযোগিতা নিয়ে আমরা পরিচালন ব্যয় নির্বাহ করছি। কমিউনিটি রেডিও যেহেতু সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, সে দিকটি বিবেচনা করে সরকার যদি কমিউনিটি রেডিওর জন্য বরাদ্দ দেয়, তাহলে এটি আরও শক্তিশালী ও টেকসই হবে বলে মনে করি।
প্রথম আলো: কমিউনিটি রেডিওতে আপনার প্রায় এক যুগের কাজের অভিজ্ঞতা। একটি মজার ও একটি বিব্রতকর অভিজ্ঞতার কথা আমাদের বলুন।
মাহফুজ ফারুক: ২৯ জুলাই ২০১৬ শুক্রবার। যথারীতি রাত ১১টায় রেডিওর সম্প্রচার বন্ধ করে মাত্র বাসায় ফিরেছি। এমন সময় ফোন এল। যিনি ফোন করেছেন, তাঁর নাম শাকু মিয়া। বাড়ি গাইবান্ধার উত্তর ধানঘরা গ্রামে। আমাদের একজন নিয়মিত শ্রোতা।
তিনি জানালেন ফুলছড়ি উপজেলার সিংড়িয়া বাঁধ ভেঙে যাওয়ার খবর। এরপর সংবাদের সত্যতা নিশ্চিত করে ফরহাদ হাসান ও গোলাপ মোস্তাফিজ নামে দুই প্রযোজককে সঙ্গে নিয়ে রাতেই রেডিও স্টেশনে গেলাম। শুরু হলো দুর্যোগকালীন জরুরি সম্প্রচার। দুর্যোগে-দুর্ভোগে বানভাসীদের পাশে দাঁড়াতে সেবারই প্রথম ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে রেডিও সারাবেলা। ঘটনাস্থল থেকে যুক্ত হন আরেক শ্রোতা কলিন্স ও মনা। পাশাপাশি পাঠানো হয় সারাবেলা নিউজ টিম। কমিউনিটির মানুষ ও নিউজ টিমের স্বেচ্ছাসেবকেরা ওই রাতেই মাঠ থেকে রেডিওর মাধ্যমে তাৎক্ষণিক ও সর্বশেষ সব তথ্য দেওয়া শুরু করলেন। বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন। রেডিওর মাধ্যমে আশপাশের গ্রামের মানুষদের সেখানে লাইট নিয়ে যাওয়ার অনুরোধ ক্রমান্বয়ে প্রচার হতে থাকে। এরপর সেখানে অনেকেই লাইটসহ অন্যান্য সহযোগিতার জন্য ছুটে যান।
ততক্ষণে সারাবেলার ফেসবুক পেজ ও শ্রোতা ক্লাবের কয়েক শ সদস্যের ফেসবুক ওয়ালে ভাইরাল হয়ে গেছে, ‘বানভাসীদের পাশে দাঁড়াতে ২৪ ঘণ্টা সম্প্রচারে রেডিও সারাবেলা’। খোলা হলো হেল্প ডেস্ক। আশ্রয়কেন্দ্রের ঠিকানা, তত্ত্বাবধায়কের ফোন নম্বর এবং সেখানকার নিরাপত্তাব্যবস্থাসহ নানা খবর প্রচারিত হলো প্রতি ঘণ্টায়। তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল থেকে রেডিও সারাবেলার মাধ্যমে সবাইকে সকালের খাবার পৌঁছে দেওয়াসহ বন্যার্তদের পাশে থাকার জন্য আশ্বাস দিলেন। সেবার টানা ৭২ ঘণ্টা জরুরি সম্প্রচার অব্যাহত রাখে রেডিও সারাবেলা। শুধু একজন শ্রোতার ফোনকলের মাধ্যমে রেডিও সারাবেলা এমন অসাধারণ একটি ভূমিকা সেদিন রাখতে পেরেছিল। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।
এবার বলি বিব্রতকর অভিজ্ঞতার কথা। আমরা একবার নেপালে গেলাম সাউথ এশিয়া কমিউনিটি রেডিও সম্মেলনে। সে দেশের ভাইস প্রেসিডেন্ট সম্মেলনের প্রধান অতিথি। বাংলাদেশের তৎকালীন তথ্যমন্ত্রী বিশেষ অতিথি। সব দেশের অংশগ্রহণকারীদের মধ্যে চারটি দল গঠন করা হয়। ঘটনাক্রমে আমি ও পলাশ কুণ্ডু নামের আরেকজন দুটি দলের টিম লিডার হিসেবে নির্বাচিত হলাম। আন্তর্জাতিক মঞ্চে এমন প্রতিনিধিত্ব করার জন্য আমাদের দুজনসহ মোট চারজন টিম লিডারকে শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হলো। আমরা আনন্দিত। উল্লেখ্য, বাংলাদেশ থেকে সিনিয়র কয়েকজন অবশ্য সম্মেলনের বক্তা হিসেবে আগেই ক্রেস্ট পেয়েছেন। কিন্তু যেহেতু অংশগ্রহণকারী ২০ জনের ওপর ছিলাম, সেহেতু আরও ১৩ থেকে ১৫ জন ক্রেস্ট পাননি। পাননি মানে তাঁরা পাওয়ার পর্যায়ে ছিলেন না। এই না পাওয়াদের মধ্যে আমাদের কোনো একজন সেখানকার আয়োজকদের ইনিয়ে-বিনিয়ে বোঝালেন, বাংলাদেশের বাকি অংশগ্রহণকারীদেরও ক্রেস্ট দিতে হবে। ক্রেস্ট না দিলে তাঁরা প্রচণ্ড মন খারাপ করবেন। যিনি বোঝাতে গিয়েছিলেন, তিনি বিব্রতবোধ না করলেও আয়োজকেরা চরম বিব্রতকর অবস্থায় পড়লেন। তাঁরা সময় চেয়ে পরবর্তী সময়ে ক্রেস্টের ব্যবস্থা করে বাংলাদেশের বাকি অংশগ্রহণকারীদের দিলেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেরা নিজেদের এমন ছোট করার চেয়ে বেশি বিব্রতকর অন্য কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে না।
প্রথম আলো: একটি কমিউনিটি রেডিওর সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা কোথায়? আর এর প্রধান সমস্যাগুলো কী?
মাহফুজ ফারুক: সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা মনে করি সক্রিয় শ্রোতা ব্যাংক। যেহেতু অনলাইনের এ যুগেও অনেক মানুষ রেডিও শোনেন, সুতরাই এটি বড় একটি সম্ভাবনার জায়গা। প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিতসংখ্যক সম্প্রচারকর্মী নিয়ে পথচলা, এ খাতে খরচের ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার কাঙ্ক্ষিত প্রসার না ঘটা এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে না পারা প্রধান সমস্যা বলে মনে করি।
প্রথম আলো: দাপ্তরিক নানা কাজে আপনাদের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে যেতে হয়। কতটা সহযোগিতা পান?
মাহফুজ ফারুক: সরকারি কর্মকর্তাদের সহযোগিতা পাই। বেশির ভাগ কর্মকর্তাই সহযোগী মনোভাবাপন্ন। সে জন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সবাই তো এক নন। অসহযোগিতার উদাহরণও আছে। সবকিছু সমন্বয় করেই চলতে হয়। কমিউনিটি রেডিও তথা স্থানীয় গণমাধ্যম বলেই কেউ কেউ এমন আচরণ, তাচ্ছিল্য বা অসহযোগিতা করার সুযোগ নেন বলে মনে করি। কিন্তু মূলধারার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন হতে দেখিনি কখনো।
প্রথম আলো: সমাজে একটি কমিউনিটি রেডিও না থাকলে কী ক্ষতি হয় বলে আপনার ধারণা?
মাহফুজ ফারুক: আগে মনে হতো তেমন ক্ষতি হয় না। তবে এখন মনে করি, ক্ষতি হয়। সেটা হয় নীরবে। আমরা হয়তো ওভাবে টের পাই না। কমিউনিটি রেডিও না থাকলে তৃণমূল বা প্রান্তিক মানুষ কথা বলার মতো কার্যকর প্ল্যাটফর্ম খুব একটা পেতেন না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জনগণের মুখোমুখি হওয়া থেকে রেহাই পেতেন। তৃণমূলের প্রতিভার বিকাশ হতো না। নাগরিক হিসেবে মানুষের অধিকার ও তার প্রাপ্যতা কীভাবে নিশ্চিত করতে হয়; তা অনেকেরই অজানাই থেকে যেত। প্রান্তিক মানুষের বড় ক্ষতি হয়ে যেত।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ। রেডিও সারাবেলাকে ধন্যবাদ।
মাহফুজ ফারুক: আপনাকে এবং প্রথম আলোকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা কমিউনিটি রেডিওর কথা তুলে ধরছেন। সেই সঙ্গে পাঠকবন্ধুদেরও জানাই বিশ্ব রেডিও দিবসের শুভেচ্ছা।