একটু স্বস্তির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে খানিকটা গা জুড়াতে নগরের মানুষ পড়ন্ত বিকেলে এসেছে শ্যামলী শিশুপার্কে। গতকাল ছবিটি তুলেছেন খালেদ সরকার
প্রচণ্ড গরমে খানিকটা গা জুড়াতে নগরের মানুষ পড়ন্ত বিকেলে এসেছে শ্যামলী শিশুপার্কে। গতকাল ছবিটি তুলেছেন খালেদ সরকার

গ্রীষ্মের তপ্ত দুপুর। কাঠফাটা রোদে টেকা দায়। ইট-কংক্রিটের এ নগরে গাছপালা, জলাধারও কম। তারপরও রাজধানীতে যে কয়েকটি সবুজ আচ্ছাদিত উদ্যান ও লেক রয়েছে, একটু স্বস্তি পেতে সেখানে উপস্থিতি বাড়ছে গরমে অতিষ্ঠ মানুষের।
গত বুধ ও বৃহস্পতিবার নগরের কয়েকটি উদ্যান ও লেকের পাশে ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব স্থানে গাছের ছায়ায় বসে মানুষ জিরিয়ে নেন। কাউকে দেখা গেছে পার্কের বেঞ্চে শুয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে। গায়ের জ্বালা জুড়াতে লেকের ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে অনেককে।
রমনা উদ্যানের লেকে নেমেছিলেন তিন যুবক—আনিস, কামাল ও আলম। তাঁরা এসেছেন শাহবাগ এলাকা থেকে। জানালেন, লেকে গা ভেজাতেই এসেছেন তাঁরা। গরমে অতিষ্ঠ হয়ে ঘরে বসে থাকা দায়। তাই তিন বন্ধুর এ সিদ্ধান্ত।

রমনায় গাছের নিচে ও লেকের ধারের বেঞ্চগুলোও মানুষে ভর্তি। এর একটিতে মাথার নিচে ব্যাগ রেখে ঘুমাচ্ছিলেন আশরাফ উদ্দিন। উঠে বললেন, সকালে উত্তরা থেকে কাজে মৎস্য ভবন এলাকায় এসেছিলেন। যাওয়ার পথে বেঞ্চে শুয়ে কিছুক্ষণ চোখ বুজে আরাম করছিলেন।

বুধবার বেলা দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন কিছু কম ছিল। তবে বেলা গড়িয়ে বিকেল হতেই বাড়ে জনসমাগম। স্বাধীনতাস্তম্ভের পাশের লেকপাড়ের বেঞ্চগুলো ভরে যায় নানা শ্রেণি-পেশার মানুষে। লেকের হাঁটুপানিতে পা ডুবিয়েও বসেন কেউ কেউ।

এ উদ্যানে লেকপাড়ের বেঞ্চে বসে ছিলেন মহিউদ্দিন। তিনি বলেন, ‘আহ! কী বাতাস। শরীর জুড়িয়ে যায়। কামরাঙ্গীরচর থেকে বাবাকে নিয়ে আরও কয়েকজনসহ ঢাকা মেডিকেল কলেজে এসেছি। ডাক্তার দেখানোর ফাঁকে অন্যদের রেখে একটু শরীর জুড়াতে এলাম।’

বৃহস্পতিবার তপ্ত দুপুরে হাতিরঝিলে কাকপক্ষীর দেখা পাওয়াও ভার। বড় গাছ না থাকায় দুপুরের রোদে ঝিলপাড় খাঁ খাঁ করে। পাশের বেগুনবাড়ি বস্তি এলাকার বাসিন্দা সিদ্দিক মিয়া বলেন, ‘এ সময় এখানে লোক পাবেন না। সন্ধ্যার পর আসেন, দেখবেন লোকে ভরা। তবে ঝিলের ঠান্ডা বাতাস আমাদের ঘরে ঢোকে, শান্তি পাই।’

সম্প্রতি পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক জরিপে দেখা গেছে, রাজধানীর মধ্যে ধানমন্ডি লেক এলাকার তাপমাত্রা সবচেয়ে কম। তাই বোধ হয় এখানে দুপুরে লোক সমাগমও অন্য উদ্যান এলাকার চেয়ে বেশি। এখানে লেকপাড়ে ঢুকলেই শরীরে প্রশান্তি অনুভূত হয়। এখানে লেকের পানিতে বোট চালানোর সুযোগও রয়েছে।

এ লেকের পানিতে বোট ভাড়া করে চালাচ্ছিলেন দুই বান্ধবী—আঞ্জুমান ফারজানা ও শরিফা খাতুন। তাঁরা এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। বললেন, ‘আমরা ফার্মগেট এলাকায় মেসে থাকি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে ফেরার পথে এখানে এসেছি। বোটে চড়ে মজাও করছি, প্রশান্তিও পাচ্ছি।’

রবীন্দ্রসরোবর এলাকায় আড্ডা দিচ্ছিলেন ইমরান, মামুন, রানা, দীপা, কৌশিক ও মুন্না। তাঁরা বলেন, ‘আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ি। পরীক্ষা ছিল। শেষ করে বন্ধুরা মিলে গাছের ছায়ায় বসে আড্ডা দিচ্ছি।’

এ ছাড়া চন্দ্রিমা উদ্যানের লেকপাড়, গুলশান লেক, পান্থকুঞ্জসহ রাজধানীর যেখানেই এক চিলতে সবুজ এবং একটু পানি রয়েছে, সেখানেই গরমে নাকাল নগরবাসী ভিড় করছেন স্বস্তি পেতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা ও রাতের খানিকটা পর্যন্ত অবস্থান করছেন তাঁরা।