একটু হলেই পুকুরে পড়ত মজীনার গাড়ি

অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব লোহাদী গ্রামে সোলার ন্যানো গ্রিড নামের সৌরশক্তি উৎপাদনের একটি প্রজেক্টের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে যাওয়ার পথে তাঁকে বহনকারী গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরের পাড়ে হেলে পড়ে। তবে চালকের দক্ষতায় শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব লোহাদী এলাকায় সোলারিক কোম্পানির সোলার ন্যানো গ্রিড প্রজেক্ট পরিদর্শনে যান মজীনা। সেখানে যাওয়ার পথে তাঁকে বহনকারী গাড়িটি কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক থেকে ইট বিছানো ও কাঁচা রাস্তায় প্রবেশ করে। ওই সড়কের লোহাদী উচ্চবিদ্যালয়ের পাশে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়ে। হেলে পড়ার স্থানের পাশে কমপক্ষে ১০ ফুট গভীর পুকুর রয়েছে। গাড়িটি রাস্তায় কাত হওয়ার পরই মজীনাসহ গাড়ির যাত্রীরা দ্রুত নেমে যান। পরে অন্য একটা গাড়িতে করে বিদ্যুৎ উৎপাদনপ্রক্রিয়া পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এলাকাবাসীর সহায়তায় তিন ঘণ্টার চেষ্টায় গাড়িটি রশি দিয়ে টেনে তোলা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মজীনাসহ গাড়ির সবাই অক্ষত আছেন।