একটুখানি বৃষ্টি হলেই তলায় নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে খুলনা নগর। পানিতে ডুবে থাকছে নগরের অধিকাংশ ছোট-বড় সড়ক। দীর্ঘক্ষণ আটকে থাকছে পানি। এতে নগরবাসীর ভোগান্তি কেবলই বাড়ছে।

এখনই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কে আছেন নগরবাসী। বর্ষা মৌসুম শুরু হলে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা করছেন তাঁরা।

গত সোমবার রাতে মাত্র ২৫ মিলিমিটার বৃষ্টি হয় খুলনায়। এতেই তলিয়ে যায় নগরের অধিকাংশ সড়ক। রাতেই নগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরের প্রধান প্রধান সড়কসহ সংযোগ সড়কগুলো পানিতে ডুবে আছে। সড়কের পানি ড্রেনে নামার বদলে ড্রেনের পানি উপচে সড়কে উঠছে।

জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নগরের কেডিএ অ্যাভিনিউ সড়কের বাসিন্দা মিজানুর রহমান বলেন, বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই শিববাড়ী থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত (কেডিএ অ্যাভিনিউ) সড়কের এক পাশে পানি জমে যায়। বৃষ্টি থামার অনেক পরে এই পানি নামে।

খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতার অন্যতম কারণ নগরবাসী ড্রেনকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এ কারণে আমরা উদ্যোগ নিয়েছি প্রতি ঘর থেকে ময়লা সংগ্রহ করার।’