একতরফা নির্বাচন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
সরকারি দলের একতরফা নির্বাচন এবং ১৮-দলীয় জোটের সহিংসতার বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার সকালে শহীদ রফিক সড়কে যৌথভাবে এই কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত এ মানববন্ধনে সিপিবির জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মফিজুল ইসলাম খান, মিজানুর রহমান, আসাদুজ্জামান খান, নূরুল ইসলাম, ইকবাল হোসেন ও রুমী আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই রাজনৈতিক সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের মানুষ আজ শঙ্কিত। সরকারি দলের একতরফা নির্বাচন ও প্রধান বিরোধী জোটের বাস-ট্রেনসহ যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে দেশে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের কল্যাণের জন্য এই দুই জোট রাজনীতি করে না। এক জোট ক্ষমতা আঁকড়ে রাখতে ও আরেক জোট ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে।