বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, একতরফা নির্বাচনে অংশ নেবে না বাসদ। একতরফা নির্বাচনের আয়োজন বর্তমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। সংকট কাটাতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণামুক্ত অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বাসদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৬তম বার্ষিকী উপলক্ষে বাসদ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেটে এক জনসভায় খালেকুজ্জামান এসব কথা বলেন।
খালেকুজ্জামান বলেন, বড় দুই দল ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে চর দখলের লড়াইয়ে লিপ্ত রয়েছে। ফলাফলে বোমায়, আগুনে পুড়ে নিরীহ জনগণ মারা যাচ্ছে।
জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।