একতরফা নির্বাচন হবে না, আশ্বাস সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘একতরফা কোনো জাতীয় নির্বাচন হবে না। আপনারা কী ধরনের সরকার চান, সংসদে এসে রূপরেখা দিন। আলোচনা সেখানেই হবে।’

আজ রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।

আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচন নিয়ে সরব উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসছে। বিরোধী দল চাইলে প্রস্তাব দিতে পারে। বিরোধী দলের  দেওয়া রূপরেখা পর্যালোচনা করে আমরা সমাধান বের করব। এ জন্য বিদেশি কোনো উকিল ধরার দরকার নেই।’

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, ‘একতরফা নির্বাচনের সংস্কৃতি বাংলাদেশে চালু নেই। এমন নির্বাচন করার সুযোগও নেই। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। সারা বিশ্বে যে ফর্মুলায় নির্বাচন হয়, বাংলাদেশেও তেমনই হবে। এ নিয়ে আরেকটি আতঙ্ক ছড়ানোর সুযোগ নেই।’

সংগঠনের সহসভাপতি নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের নেতা শফিকুল বাহার মজুমদার, জাকির আহমদ, আসাদুজ্জামান, হুমায়ুন কবির মিজি প্রমুখ।