সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সিপিবি-বাসদ বলেছে, একতরফা নির্বাচন হলে সংকট অব্যাহত থাকবে। ৫৩ শতাংশ ভোটারকে নির্বাচনের বাইরে রেখে ১৫৪ জনকে নির্বাচিত করা হাস্যকর। এই প্রক্রিয়ায় নির্বাচনে গঠিত সংসদ জনগণের প্রতিনিধিত্বশীল হবে না। সেই সংসদের নৈতিক ভিত্তি ও বৈধতা থাকবে না।
রাজধানীর মুক্তিভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন দল দুটির নেতারা।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় বলা হয়, নির্বাচন-পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে সবার ঐকমত্য থাকা প্রয়োজন।
নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানের সুযোগে জামায়াত-শিবির সহিংসতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি।