একতরফা নির্বাচনের পরিণতি ভালো হবে না: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

জাতীয় একটি দৈনিকে প্রকাশিত জরিপের বরাত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের ৫০ ভাগের বেশি মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। এটি বুঝতে পেরে সরকার বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু সেই নির্বাচন করার সাহস দেখালে পরিণতি ভালো হবে না।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ। নব্বইয়ের আন্দোলনে শহীদ জেহাদ স্মরণে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জরিপের প্রসঙ্গে টেনে খন্দকার মোশাররফ বলেন, প্রথম আলো বিএনপির কোনো পত্রিকা নয়। প্রথম আলোর জরিপে এসেছে ৫০ দশমিক ৩ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ। তাই বিএনপির মতো দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের সাহস দেখালে তার পরিণতি ভালো হবে না।
সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, আগামী নির্বাচনে ৫০ শতাংশ ভোট নিশ্চিত (কাস্ট) করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ প্রথম আলোয় একটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে।প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড জরিপটি পরিচালনা করেছে।

জরিপের ফলাফলে দেখা যায়, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের সমর্থন আগের চেয়ে বেড়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে প্রধান বিরোধী দল বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বেশি।

এ মুহূর্তে নির্বাচন হলে দেশের অর্ধেক মানুষ (৫০ দশমিক ৩ শতাংশ) বিএনপিকে ভোট দিতে চান। আর আওয়ামী লীগকে ভোট দিতে চান ৩৬ দশমিক ৫ শতাংশ মানুষ। জনসমর্থন হারিয়েছে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াতে ইসলামী।

এ নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে প্রথম আলোর উদ্যোগে ষষ্ঠবারের মতো জনমত জরিপ করা হলো। এ জরিপের মাঠপর্যায়ের কাজ চলে গত সেপ্টেম্বর মাসে। বর্তমান সরকারের বর্ষপূর্তিকে কেন্দ্র করে প্রথম আলো প্রতিবছরের শেষে এ জরিপ করে আসছে। এ বছরের এপ্রিলে চলমান গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অতিরিক্ত একটি বিশেষ জরিপও করা হয়েছিল।

এর আগে গত এপ্রিলে পরিচালিত এবং ১১ মে প্রথম আলোয় প্রকাশিত জরিপে ৯০ শতাংশ মানুষ নির্দলীয় সরকারের পক্ষে ছিলেন। ২০১১ ও ২০১২ সালের জরিপে যথাক্রমে ৭৩ ও ৭৬ শতাংশ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন।