একতা-দ্রুতযানে লাল-সবুজ কোচ
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের একতা ও দ্রুতযান এক্সপ্রেস আন্তনগর ট্রেনে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা লাল-সবুজের বিলাসবহুল নতুন কোচ। গতকাল বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করেছে একতা এক্সপ্রেস ট্রেনটি। আজ শুক্রবার চলাচল শুরু করবে দ্রুতযান এক্সপ্রেস।
দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে পার্বতীপুর-ঢাকা রুটে নতুন আঙ্গিকে চালু হওয়া একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি এ অঞ্চলের মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে। বিজয়ের মাসে নতুন কোচ সংযোজন হওয়ায় একে বিজয় দিবসের উপহার হিসেবে দেখছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। নতুন রূপে ট্রেন দুটি চালু হলেও বঞ্চিত করা হয়েছে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যাত্রীদের। পার্বতীপুর-পঞ্চগড় রেলপথ ডুয়েল গেজে রূপান্তরিত হলেও ওই রুটে নতুন ট্রেন চালু হচ্ছে না। তবে ট্রেন না থাকলেও সেতাবগঞ্জ ও বিরল স্টেশনে টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে রেল কর্তৃপক্ষ। টিকিটধারী যাত্রীদের নিজ দায়িত্বে দিনাজপুরে এসে একতা ও দ্রুতযান ট্রেনে উঠতে বলা হয়েছে। ইতিমধ্যে ট্রেনের টিকিট বিক্রিও শুরু করেছে রেলওয়ে।
পার্বতীপুরের ট্রেনের যাত্রী আমজাদ হোসেন বলেন, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে লাল-সবুজের নতুন কোচ সংযোজন না করায় এ অঞ্চলের মানুষের সঙ্গে বৈষম্য করেছিল রেল। বিজয়ের মাসে নতুন কোচ সংযোজন করা উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য বিজয় দিবসের উপহার। তিনি পঞ্চগড় থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি ট্রেন চালু করার দাবি জানান রেলওয়ের কাছে।
পার্বতীপুর স্টেশনের মাস্টার শোভন রায় বলেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিলাসবহুল কোচগুলো একতা, দ্রুতযান ট্রেনে সংযোজন করা হচ্ছে। প্রতিটি ট্রেনে ১২টি করে কোচ থাকবে। এর মধ্যে পাওয়ার কার, এসি বাথ, নন-এসি বাথ, এসি চেয়ারসহ ৮০০ আসন থাকবে। এতে প্রতিটি ট্রেনে ১২৫টি করে আসন বৃদ্ধি পাবে।