একতাই শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ ধরে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতী সড়কের আধা কিলোমিটার অংশ সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। প্রতিবছরই পৌর বাজেটে এ রাস্তা সংস্কারের জন্য প্রকল্প রাখা হতো। কিন্তু সেই প্রকল্প আর বাস্তবায়িত হচ্ছিল না। এ অবস্থায় নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।
গতকাল বুধবার থেকে সড়কের ওই অংশে ইট ও বালু ফেলে সংস্কারকাজ শুরু করেছেন এলাকাবাসী। কেউ শ্রম দিয়ে আর কেউ বা চাঁদা দিয়ে এ কাজ করছেন।
গোলাপগঞ্জ পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ সড়ক গোলাপগঞ্জ বাজার বাইপাস রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। পৌরসভার সরস্বতী এলাকা থেকে নিজগঞ্জ, বড়বাড়ি, দাড়িপাতন ও পশ্চিমপাড়ার প্রায় দুই হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে। এ ছাড়া এই সড়ক দিয়ে রানাপিং আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, হাজী জমির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাপগঞ্জ মহিলা মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী চলাচল করে। ২০০২ সালে গোলাপগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাস্তাটি সংস্কারের দাবি উঠেছিল। সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব তখন পৌরসভার প্রকৌশল বিভাগ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় ওই প্রকল্প আর অনুমোদন দেয়নি। তাই সড়কও সংস্কার হয় না।
এলাকাবাসী জানান, গতকাল সকাল থেকে সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। প্রথমে যেসব স্থানে পানি জমে আছে সেসব স্থানে ইট ও বালু ফেলা হয়েছে। এলাকাবাসীর পক্ষে আজাদ আহমদ ও ইকবাল আহমদ বলেন, রাস্তা ব্যবহারকারীদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থসহায়তা নিয়ে সংস্কারকাজ শুরু করেছেন। এক সপ্তাহের মধ্যে রাস্তার আধা কিলোমিটার অংশ তাঁরা ব্যবহারের উপযোগী করবেন।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, শুরুতে এ সড়কসহ অন্যান্য আবাসিক এলাকার সড়ক উন্নয়নে পৌরসভার ‘নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নগর সমন্বয় কমিটি’র সদস্য ছিলেন মাহবুবুর রহমান চৌধুরী। এলাকাবাসীর উদ্যোগের সঙ্গে সরস্বতী রাস্তার সংস্কারকাজে তিনিও অংশ নিয়েছেন। মাহবুবুর রহমান বলেন, এ সড়ক নিয়ে পৌরসভার প্রকৌশল বিভাগে গত ১২ বছরে অন্তত ১৫টি সভা হয়েছে। প্রতিটি সভায় জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের বিষয়টি লিপিবদ্ধ হয়। পরে পৌরসভার প্রকৌশলীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেই তিনি মন্ত্রণালয়ে আটকে থাকার অজুহাত দেখান।
এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জি বলেন, এ সড়কের দুই পাশে নতুন ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এ কারণে সড়কের পাশে নিচু জায়গা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক আগেই জলাবদ্ধতার সমস্যা দূর করার এবং সরস্বতী সড়কের আধা কিলোমিটারসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার সড়কের উন্নয়নে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এখনো ওই প্রকল্প অনুমোদন হয়নি। এটি অনুমোদন হলেই সংস্কারকাজ শুরু হবে।