একতারার কারিগরেরা ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালনের গান আর একতারার টুংটাং সুরে তাঁর ভক্ত-অনুসারীরা খুঁজে পান অমৃতের সন্ধান। ২৬ মার্চ শুরু হচ্ছে দোল উৎসব। লালন সাঁই জীবিত থাকাকালে প্রতি দোলপূর্ণিমায় এক দিনের একটি অনুষ্ঠান করতেন ভক্তদের নিয়ে। সেখানে গান ও তত্ত্বালোচনা হতো। তাঁর তিরোধানের পর ভক্তের দল দোলপূর্ণিমায় আখড়াবাড়িতে সমবেত হতে থাকেন গুরুপদে ভক্তি নিবেদনের জন্য। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় এ উপলক্ষে মেলা বসে। পাঁচ দিনের মেলায় দেশ-বিদেশের লাখো মানুষের ভিড় জমে সাঁইজির ধামে। ভক্ত-অনুসারীদের তৃষ্ণা মেটাতে ছেঁউড়িয়া ও আশপাশের কারিগরেরা একতারা তৈরিতে হাতুড়, বাটাল, কাঁচি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাঠের ওপর লালনের প্রতিচ্ছবি আর একতারা তৈরির ধুম পড়ে গেছে পুরো এলাকায়। শহরের গড়াই নদীর পারে আদর্শপাড়ার শর্তবর্ষী শেখ সামাদ আলী স্বাধীনতার পর থেকে একতারা তৈরি করে আসছেন। একই কাজ করে সামাদ আলীর তিন ছেলে আমজাদ হোসেন, সাইফুল ইসলাম ও ইমরান শেখ জীবিকা নির্বাহ করছেন। তাঁদের তৈরি একতারা আর কাঠে খোদাই করা লালনের প্রতিচ্ছবি প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন নগরে চলে যাচ্ছে। একতারা তৈরির মূল উপাদান বাঁশ, কাঠ আর চামড়া। তবে লাউয়ের বশ ও নারকেলের মালায়ও একতারা তৈরি হয়। মুলি বাঁশ ঝিনাইদহ, যশোর থেকে সংগ্রহ করা হয়। লাউয়ের বশ স্থানীয় কৃষকদের থেকে ও চামড়া কেনা হয় নাটোর থেকে এমনটিই জানালেন সামাদ শেখ। তিনি বাড়িতেই ছোটখাটো একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। নাম দিয়েছেন কর্মরত কারুশিল্প। তাঁর প্রতিষ্ঠানে আরও ১০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, বাটাল, কাঁচি দিয়ে কাজ করছেন তাঁরা। সরেজমিনে দেখা যায়, সামাদ শেখ ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন বিভিন্ন আকৃতির চামড়া কাটছেন। পাশে বসে ছোট ছেলে ইমরান শেখ ও ছেলের স্ত্রী নূরজাহান খাতুন একতারায় রং দিচ্ছেন। পাঁচজন শ্রমিক একতারায় নকশা, বাঁশের ছোর, কান ও মুঠো তৈরিতে ব্যস্ত। ইমরান কুটিরশিল্প নামে ছেঁউড়িয়ায় লালন একাডেমি মার্কেটে একটি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, কুয়াকাটা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন পর্যটন নগরে এসব একতারা ও লালনের কাঠের খোদাই করা প্রতিচ্ছবি পাইকারি বিক্রি করা হয়। পয়লা বৈশাখেও ঢাকার অনেক ব্যবসায়ী পাইকারি কিনে নিয়ে যান। প্রতিদিন তাঁরা ৩০০ থেকে ৪০০ একাতারা তৈরি করেন। সাত-আট রকমের একতারার দাম ৪০ টাকা ৫০০ টাকা। তবে বায়না করে আরও সুন্দর করতে চাইলে দামটা এক হাজার ছাড়িয়ে যায়।