একত্রে কাজ করতে রাজি বাংলাদেশ ও মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি জমানো বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সৃষ্ট নজিরবিহীন সংকটের মূল কারণ মোকাবিলায় একত্রে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশের ক্ষেত্রে সংকটের মূল কারণ হিসেবে দারিদ্র্য ও মিয়ানমারের ক্ষেত্রে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন-নিপীড়ন, বহুমুখী বৈষম্যকে বিবেচনা করে থাকেন বিশেষজ্ঞরা।
এশিয়ার অভিবাসী সংকট নিয়ে গতকাল শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সম্মেলনে উভয় দেশ ওই সম্মতির কথা জানায়। একই সঙ্গে আন্দামান সাগরে মৃত্যুঝুঁকিতে ভেসে চলা অভিবাসন-প্রত্যাশীদের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার-প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।
এদিকে সম্মেলনের মধ্যেই গতকাল মিয়ানমার তার দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে ৭২৭ জন অভিবাসন-প্রত্যাশীবাহী আরেকটি নৌকা আটক করেছে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও বাসসের।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসী সংকট সমাধানের পথ খুঁজে বের করতেই থাইল্যান্ডে আয়োজন করা হয় ওই সম্মেলন। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ফোরাম আসিয়ানের ১৭টি দেশ ছাড়াও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধিরা যোগ দেন সম্মেলনে।
সম্মেলনে চলমান সংকটের এককভাবে কোনো দায় নিতে অস্বীকৃতি জানায় এ সংকটের কেন্দ্রে থাকা মিয়ানমার। আর সংকটের সূত্রপাত বাংলাদেশের সীমানায় নয় উল্লেখ করে এর সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেছে সংকটের অন্যতম পক্ষ বাংলাদেশ।
সংকটের মূল কারণ খতিয়ে দেখে তা মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ এ দুই পক্ষ রাজি হলেও সংকটের কেন্দ্রবিন্দু রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সম্মেলনে কোনো আলোচনা না হওয়ায় তীব্র নিন্দা জানান সমালোচকেরা।
সম্মেলনে রোহিঙ্গা অভিবাসীদের প্রশ্নে জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে মিয়ানমার। দেশটির প্রতিনিধিদলের প্রধান ও সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এইচ টিন লিন জোর গলায় বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ‘নৌকা আরোহীদের’ সাম্প্রতিক ঢল নামার ঘটনায় তাঁর দেশকে একা দায়ী করা চলবে না। এই ঘটনায় শুধু মিয়ানমারই একমাত্র সংশ্লিষ্ট দেশ নয়। সমস্যাটা আসলে (রোহিঙ্গা ইস্যু নয়) মানব পাচার নিয়ে।
ইউএনএইচসিআরের উপহাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘মিয়ানমারকে তার সব নাগরিকের পূর্ণ দায়িত্ব নিতে হবে। দেশটি রোহিঙ্গাদের তার নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চায় না। এখনো সাগরে ভেসে বেড়াচ্ছেন হাজারো মানুষ।’
কিন্তু মিয়ানমারের প্রতিনিধিদলের নেতা বলেন, ‘মানব পাচারের বিষয় মোকাবিলায় সহযোগিতা করবে মিয়ানমার। তবে আমাদের দিকে আঙুল তুললে তাতে ফল আসবে না। এটা আমাদের ভিন্ন পথে ঠেলে দেবে।’
সম্মেলনে প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তানাসাক পতিমাপ্রাগর্ন সম্মেলনে তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, ‘সাগরে পাড়ি জমানো এসব অভিবাসীর সংখ্যা এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।’ বাংলাদেশ ও মিয়ানমারকে ইঙ্গিত করে তানাসাক আরও বলেন, যে কারণে এই মানুষেরা বিপজ্জনক সাগরযাত্রাকে বেছে নিচ্ছে, তা অবশ্যই বিবেচনা করতে হবে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান রিচার্ড সাগরে ভেসে চলা অভিবাসন-প্রত্যাশীদের জীবন বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সর্বসম্মত চূড়ান্ত বিবৃতি: সম্মেলনের আয়োজক দেশ থাইল্যান্ড দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনকে ‘অত্যন্ত গঠনমূলক’ আখ্যায়িত করে বলেছে, অংশগ্রহণকারী ১৭টি দেশের সবাই চূড়ান্ত বিবৃতির ব্যাপারে সম্মত হয়েছে।
সাগরে এখনো যে আড়াই হাজারের মতো অভিবাসন-প্রত্যাশী ভেসে চলেছেন বলে ধারণা করা হচ্ছে, এদের এবং যে সাড়ে তিন হাজার অভিবাসী ইতিমধ্যে উদ্ধার হয়েছেন, তাঁদের মানবিক সহায়তাদানের প্রতিশ্রুতি রয়েছে এই বিবৃতিতে।
বিবৃতিতে সংকটের মূল কারণ চিহ্নিত করা এবং যে দেশগুলো থেকে অভিবাসীদের উৎপত্তি সেসব দেশের অর্থনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার ব্যাপারেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু মিয়ানমার সরকার ও সে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নির্মম নির্যাতন-নিপীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
বিবৃতির প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে, অভিবাসী সংকট সংশ্লিষ্ট দেশগুলোকে দেওয়া সহায়তা সমন্বয় করতে যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ও।
অভিবাসন-প্রত্যাশীদের নৌকা আটক: ব্যাংককে সম্মেলন গুটিয়ে আনার মুহূর্তে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় ঘোষণা করে, তাদের নৌবাহিনী ৭২৭ জন ‘বাঙালি’ অভিবাসন-প্রত্যাশী বহনকারী একটি নৌকা জব্দ করেছে। পরিচয় নিশ্চিত করতে দক্ষিণাঞ্চলীয় একটি সেনাঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। আরোহীদের মধ্যে ৬০৮ জন পুরুষ ও অন্যরা নারী-শিশু।
পররাষ্ট্রসচিব শহীদুল হকের ভাষ্য: সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী পররাষ্ট্রসচিব শহীদুল হক গতকাল বিবিসিকে বলেন, মানব পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা তুলে ধরেছেন তিনি। তাঁরা এ-ও বলেছেন, যেসব বাংলাদেশি উদ্ধার হয়েছেন, পরিচয় শনাক্ত করে সরকার তাঁদের ফেরত আনবে।
শহীদুল হক বলেন, সমস্যাটি এ আকারে এভাবে কখনোই ছিল না। এটা নতুন। তাঁরা সবাই মিলে সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছেন, এটা রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানব পাচারের ক্ষেত্রে গন্তব্যস্থলের দেশগুলোর একটি বড় ভূমিকা থাকে। সেই ভূমিকা যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বিভিন্ন জায়গায় যাঁরা আটকা পড়েছেন, তাঁদের দ্রুত পুনর্বাসন করার কথাও সম্মেলনে বলা হয় বলে জানান পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘মানব পাচারের মূল কারণটা বের করতে হবে। আমাদের দেশের অর্থনৈতিক সুযোগ এখন অনেক বেশি। কাজেই এ পাচারের কারণ সম্ভবত দেশের বাইরে।’