একদলীয় নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
BNP-Logo
BNP-Logo

নির্দলীয় সরকারের দাবি আদায়ের চেয়ে এখন ‘একদলীয়’ নির্বাচন প্রতিহত করাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেই অনুযায়ী আন্দোলনের কৌশল নির্ধারণ ও জনমত গঠনে কাজ শুরু করতে যাচ্ছে প্রধান বিরোধী দল ও এর নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিএনপি ধরেই নিয়েছে সরকার না চাইলে আন্দোলন করে ২৬ অক্টোবরের মধ্যে নির্দলীয় সরকারের বিল পাস করতে ক্ষমতাসীনদের বাধ্য করা সম্ভব হবে না।
বিশেষ কারণ না ঘটলে বর্তমান সংসদের শেষ অধিবেশন বসবে ১২ সেপ্টেম্বর। এই অধিবেশন শেষ হওয়ার পরই শুরু হবে জাতীয় নির্বাচনের তোড়জোড়। তবে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, বিরোধী দলকে বাদ নিয়ে নির্বাচন করা হলে তা হবে ‘একদলীয়’ নির্বাচন। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, করতেও দেওয়া হবে না।
বিএনপি গত রমজান মাসকে সাংগঠনিক মাস ঘোষণা দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করেছে। ওই সময় কেন্দ্রীয় নেতারা জেলা ও উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কাজে অংশ নেন। সেখানে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও গুরুত্ব পেয়েছে। কিন্তু এবার সাংগঠনিক সফরের জন্য খালেদা জিয়া যে ৫৬টি কমিটি গঠন করেছেন, তাদের কাজের আওতার মধ্যে নির্বাচনকে অন্তর্ভুক্ত করেননি। খালেদা জিয়া গত সোমবার রাতে গুলশান কার্যালয়ে গঠিত কমিটির প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের পাঁচটি বিষয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। এগুলো হলো বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার যৌক্তিকতা বোঝানো, আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং স্থানীয় নেতাদের মধ্যে কোনো বিরোধ বা সংকট থাকলে সমাধানের চেষ্টা করা বা স্থানীয় নেতাদের পরামর্শ দেওয়া। নেতাদের সাংগঠনিক জেলা পরিদর্শনের সময় নির্বাচনের প্রস্তুতি নেওয়া বা সম্ভাব্য প্রার্থী বাছাই-সংক্রান্ত কোনো কাজ না করতে বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার দাবি মানবে না বলেছে। বিএনপিও তাদের অবস্থানে অনড়। তাই বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে ১৮-দল। এখন সে ধরনের প্রস্তুতি নেওয়া হবে। আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছে। কেননা দাবি মানা বা বিরোধী দলের সঙ্গে সমঝোতা অথবা আলাপ-আলোচনা, সংলাপের কোনো পথই তাঁদের দল রুদ্ধ করতে চায় না।  

৩১ আগস্ট পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের ৭৫টি সাংগঠনিক জেলা পরিদর্শন করবেন। ইতিমধ্যে কোনো কোনো কমিটি নির্ধারিত জেলা সফর করেছে। এসব জেলায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় তারা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে না ভেবে ‘বিএনপিকে বাদ দিয়ে সরকারের একক নির্বাচনের চেষ্টা প্রতিহত’ করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার বরিশাল জেলার এমন এক কর্মিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতা-কর্মীদের নির্বাচন নিয়ে না ভেবে আন্দোলনে মনোনিবেশ করার কথা বলেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তাই এ ধরনের নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করার জন্য শক্তি অর্জন করতে হবে।

গত রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ থেকে একচুলও নড়া হবে না।’ এরপর গত সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলটির নেতারাও নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই দলের অবস্থান বলেছেন। এই অবস্থানেই থাকার ব্যাপারে তাঁরা একমতও হয়েছেন।  

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের এমন অবস্থানের পর আন্দোলনের কৌশল পরিবর্তনের কথা ভেবেছে বিএনপি। বিএনপি মনে করছে অক্টোবরের মধ্যে নির্দলীয় সরকারের দাবি সংবিধানে সংযোজনের জন্য সরকারকে বাধ্য করার মতো আন্দোলন গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব না। এ জন্য অক্টোবরের শেষে ঢাকায় মহাসমাবেশ করে সেখান থেকে নির্বাচনী তফসিল ঘোষণা বা নির্বাচনী কর্মকাণ্ড প্রতিহত করার মতো কর্মসূচিতে যাওয়াই বিএনপির জন্য সঠিক হবে।

প্রধানমন্ত্রীর অনড় অবস্থানের পরও বিএনপি এখন পর্যন্ত আটটি জেলায় জনসভার কর্মসূচি ঘোষণা করেছে। এর পেছনেও যুক্তি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার তিনি বলেন, তাঁদের দল অনিশ্চিত ও অস্থিতিশীল পরিবেশ চায় না বলে সরকারকে আরও সময় দিতে কিছু কর্মসূচি দিয়েছে। এই সময়ের মধ্যে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর পর নতুন কর্মসূচি দেওয়া হবে।