বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে চায়। কিন্তু বিএনপি নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন করবে না। গতকাল শুক্রবার বন্দর উপজেলার দড়ি সোনাকান্দায় এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। বন্দর বিএনপি ও যুবদল গতকাল ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূর উদ্দিনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, আবুল কালাম আজাদ বিশ্বাস, এ টি এম কামাল, নূর মো. পনেছ, মনিরুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ। আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক মেরুদণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দিয়েছে। তারা পদ্মা সেতুর নামে দুর্নীতি করেছে। এতে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দলটি রাজনীতি করে অর্থ আর ক্ষমতার জন্য। আর বিএনপি রাজনীতি করে জনগণের জন্য।