ঢাকার আশুলিয়ার দোসাইদ, আউকপাড়া ও বেলমা এলাকায় অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গ্যাসের অবৈধ লাইন স্থাপনের কাজ চলছে। স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক ব্যক্তি এসব লাইন স্থাপন করে গ্রামবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দেড় মাসেরও বেশি সময় ধরে ওই সব এলাকায় অবৈধ লাইন বসানোর কাজ চললেও তিতাস কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুই ইঞ্চি ব্যাসার্ধের মাত্র ১৩০ ফুট অবৈধ লাইন অপসারণ করেছে। কিন্তু থেমে নেই অবৈধ লাইন স্থাপনের কাজও। গতকালও আউকপাড়ায় অবৈধ লাইন স্থাপনের কাজ অব্যাহত ছিল।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি থেকে আশুলিয়া সড়কের লড়িপুর বাসস্ট্যান্ড থেকে দোসাইদ হয়ে আউকপাড়া পর্যন্ত অন্তত তিন কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাসের লাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। আউকপাড়া থেকে বেলমা পর্যন্ত আরও দুই কিলোমিটার লাইন স্থাপনের কাজ চলছে।
আনসের আলী, মুখলেসসহ অবৈধ লাইন স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিকেরা বলেন, রাজু নামের এক লোক তাঁদের সড়ক কাটার দায়িত্ব দিয়েছেন। সড়ক কাটা শেষ হলে সেখানে গ্যাসের পাইপ বসানো হবে। তিতাসের ঠিকাদারেরা লাইন স্থাপনের কাজ করে দেন বলে তাঁরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক দোসাইদ, আউকপাড়াসহ বেলমা এলাকার লোকজন জানান, গ্যাস-সংযোগ দেওয়ার কথা বলে রাজু নামের ওই ব্যক্তি ও তাঁর লোকজন বাড়িপ্রতি ৪০ থেকে ৬০ হাজার টাকা করে আদায় করছেন। রাজু নিজেকে স্থানীয় সাংসদের কাছের লোক হিসেবে পরিচয় দিচ্ছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, রাজু দোসাইদ, আউকপাড়াসহ পাশের বেলমা এলাকায় অবৈধ গ্যাস লাইন স্থাপন করে জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। কিন্তু তিতাসের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে কথা বলার জন্য রাজুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
জানতে চাইলে তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক শেখ আবু রায়হান বলেন, ‘দোসাইদ ও আউকপাড়া এলাকায় অবৈধ গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে—এমন অভিযোগ আমাদের কাছেও আছে। কিন্তু ম্যাজিস্ট্রেট ও পুলিশ না পাওয়ায় অভিযান চালানো সম্ভব হয় না। তবু ম্যাজিস্ট্রেট ছাড়াই গতকাল অভিযান চালিয়ে অবৈধ লাইনের উৎসস্থল বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।’
জানতে চাইলে সাংসদ এনামুর রহমান প্রথম আলোকে বলেন, ধামসোনা, শিমুলিয়া, বিরুলিয়া ও আশুলিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে অবৈধ সংযোগের মাধ্যমে হাজার হাজার চুলা জ্বলছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিতাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। আর তিতাসকে সহায়তা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও কেন অবৈধ লাইন অপসারণ করা হচ্ছে না, তা বোধগম্য নয়।
রাজুর বিষয়ে সাংসদ বলেন, ‘রাজু নামে কাউকে আমি চিনি না। ওই নামে কেউ আমার দোহাই দিয়ে কোনো অপকর্ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’