একদিকে অবমুক্ত অন্যদিকে শিকার

রাজশাহী মৎস্য বিভাগের সহায়তায় মহানগর পুলিশ এ বছর পদ্মা নদীতে পোনা মাছ অবমুক্ত করেছে। এই নদীতেই আবার নির্বিচারে পোনা মাছ ধরা হচ্ছে। কাজটি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও পোনা শিকারিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
রাজশাহী নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর ধার ঘুরে দেখা গেছে, একশ্রেণির জেলে বিশেষ জাল পেতে রাত-দিন এই পোনা শিকার করছেন। একজন অন্তত ২০-২৫টি জাল পেতে রাখছেন। তার পাশেই পোনা রাখার জন্য পানিতে কাপড়ের ঘের দেওয়া একটি জায়গা আছে। কিছুক্ষণ পরপর জালে পোনা পড়েছে কি না, জেলেরা পরখ করে দেখছেন। পোনা পড়লে কাপড়ের ঘেরের মধ্যে এনে রাখছেন। পরে ঘের থেকে পোনা পাত্রে ঢেলে ওপরে তুলে নিয়ে আসছেন। এই মাছ রাজশাহীর বিভিন্ন বাজারে ও খামারিদের কাছে ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, পদ্মার দক্ষিণ তীরে যাঁরা মাছ ধরেন, তাঁরা রাতভর মাছ ধরে সকালে নগরের আলুপট্টি ঘাটে এনে বিক্রি করেন। এখান থেকে খামারি ও ব্যবসায়ীরা পোনা কিনে নিয়ে যান।
গত বুধবার নগরের হাদির মোড় এলাকায় পদ্মা নদীতে গিয়ে জেলেদের পোনা ধরতে দেখা যায়। জালে রুই, কাতলা, মৃগেল, চিতলসহ বিভিন্ন মাছের পোনা ধরা পড়ছে। জাল পেতে পোনা ধরে একটা বড় টিনের থালার ওপরে ঢেলে বেছে জাত অনুযায়ী আলাদা করছিলেন নগরের আসাম কলোনি এলাকার লোকমান আলী (৫৫)। নয় ইঞ্চির নিচে ছোট পোনা মাছ ধরা আইনে দণ্ডনীয় অপরাধ। তাহলে কেন এই মাছ ধরছেন—জানতে চাইলে লোকমান আলী কোনো কথা বলেন না।
একই এলাকায় পোনা ধরছিলেন নগরের আসাম কলোনি এলাকার বরজান আলী (৩০)। জানতে চাইলে তিনি বলেন, তাঁর নিজের মাছের খামার আছে। সেখানে দেওয়ার জন্য তিনি মাছ ধরছেন।
এদিকে ১১ জুলাই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও কমিউনিটি পুলিশ পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করে। পদ্মা নদীতে টি-বাঁধের কাছে রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির ৪০ কেজি মাছের পোনা ছাড়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
পোনা মাছ ধরার ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানি বলেন, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে নয় ইঞ্চির নিচের ছোট পোনা মাছ ধরা হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তাঁরা মাঝেমধ্যে পদ্মা নদী ও বাজারে অভিযান চালান। নদীতে একদিকে মাছ ছাড়া হচ্ছে, অন্যদিকে নির্বিচারে পোনা মাছ শিকার করা হচ্ছে, অথচ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—জানতে চাইলে তিনি বলেন, এত বড় নদীতে অভিযান চালানোর মতো লোকবল তাঁদের নেই।