একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে বিক্ষোভ
একই সড়ক। কেবল আড়াই কিলোমিটারের ব্যবধান। একদিকে আনন্দ মিছিল অন্যদিকে বিক্ষোভ সমাবেশ। কলেজ জাতীয়করণ করা এবং না-করা নিয়ে পৃথক এ দুটি কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেছেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়। তবে এ কলেজটিকে জাতীয়করণ করা ‘অন্যায় ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে একই উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁদের কলেজটি জাতীয়করণের দাবিতে এ প্রতিষ্ঠানটির উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়।
কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপজেলার পুরোনো ও মানসম্পন্ন একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণ না করে নতুন একটি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে জাতীয়করণ করা হয়েছে। এদিকে অবরোধের খবর পেয়ে স্থানীয় প্রশাসন গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। একপর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হবে—প্রশাসনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বেলা দেড়টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে একই সড়কে দুপুর সাড়ে ১২টার দিকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এলাকাবাসীকে মিষ্টিমুখ করান।
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হবে—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।