ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা খালে একদিকে চলছে খনন ও বর্জ্য অপসারণের কাজ, অন্যদিকে সমানতালে চলছে বর্জ্য ফেলে ভরাটের প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী এ খালটি পুনরায় অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুভাঢ্যা খালের বুড়িগঙ্গা নদীর মুখ চর-কালীগঞ্জ এলাকা থেকে গোলাম বাজার এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারজুড়ে উচ্ছেদ অভিযান চালায় যৌথ বাহিনী। উচ্ছেদ করা হয় খালের উভয় পাশের ১৮৬টি ছোট-বড় অবৈধ স্থাপনা। এ ছাড়া খালটি খনন করে নাব্যতা বাড়ানো হয়। এরপর চলতি মে মাসের ১০ তারিখে উপজেলা প্রশাসন আবার খালটি দখল থেকে পুনরুদ্ধার ও খননের কর্মসূচি হাতে নেয়। এ কাজে উপজেলা প্রশাসন প্রাথমিকভাবে বরাদ্দ দিয়েছে ৫৪ লাখ ৮৮ হাজার টাকা। পরবর্তী সময়ে ১৯ মে উপজেলা প্রশাসন শুভাঢ্যার খালটি পুনরুদ্ধার ও বর্জ্য ফেলা রোধকল্পে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি জনসচেতনতামূলক সেমিনারও করে। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে খালের খননকাজ শুরু হয়। তবে পাশাপাশি অব্যাহত রয়েছে আবর্জনা ফেলে ভরাট ও অবৈধ দখল কার্যক্রমও। গতকাল শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগরে গিয়ে জেলা পরিষদ মার্কেটের পেছনে খালের বর্জ্য অপসারণ করতে দেখা যায়। অন্যদিকে কালীগঞ্জ বাজার জোড়া সেতুসংলগ্ন এলাকা থেকে গোলাম বাজার এলাকা পর্যন্ত খালের উভয় পাশে ময়লা-আবর্জনা ফেলতে দেখা যায়। বিশেষ করে কালীগঞ্জ বাজার, চর-কুতব, চর-কালীগঞ্জ, বেগুনবাড়ী, নয়া-শুভাঢ্যা ও গোলাম বাজার এলাকায় বাজারের ময়লা-আবর্জনা, গার্মেন্টসের টুকরো কাপড়, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলে খালটি ভরাট করা হচ্ছে। সরেজমিনে আরও দেখা যায়, খালের জায়গা দখল করে পূর্ব আগানগরের নয়া-শুভাঢ্যা এলাকায় ১৫-২০টি ছোট দোকানঘর ও চর-কালীগঞ্জ এলাকায় ৩০-৩৫টি আধাপাকা ঘর গড়ে তোলা হয়েছে। খালের অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা গেছে।চর-কালীগঞ্জ ও নয়া-শুভাঢ্যা এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের উদ্যোগে খননকাজ চালানো হলেও একই সঙ্গে অবাধে ময়লা-আবর্জনা ফেলে খালটি দখলের প্রক্রিয়া চলছে। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। পূর্ব আগানগর খেয়াঘাটের মাঝি বশিরউদ্দিন বলেন, ‘গত বছর এই সময়ও আমরা খালে নৌকা চালিয়েছি। কিন্তু খালটি ভরাট হয়ে যাওয়ায় আমরা এখানে আর নৌকা চালাতে পারছি না।’ বেগুনবাড়ী এলাকার বাসিন্দা মিজান শেখ বলেন, খালটিতে ময়লা-আবর্জনা ফেলায় মশামাছির উৎপাত বেড়েছে। একদিকে খনন ও অপরদিকে অবাধে বর্জ্য ফেলে ভরাট প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জনপ্রতিনিধিদের জানিয়েছি। তাঁদের সঙ্গে বসে খাল ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয় সাংসদ নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, স্থানীয় পোশাক ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বর্জ্য ও ময়লা-আবর্জনা খালে না ফেলে অন্যত্র ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।