একদিকে খনন, অন্যদিকে ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ময়ূর নদে একদিকে খনন হয়, অন্যদিকে সংযুক্ত ১১টি খালের মাধ্যমে বর্জ্য ও কাদা এসে জমে যায়। আর প্রবাহ না থাকায় ভরাট হয়ে যাচ্ছে নদের তলদেশ। মাত্র তিন মাস আগে খনন হলেও খাল ও নদীর সংযোগ স্থানের প্রায় ৩০ মিটার এলাকা এক থেকে দেড় ফুটের মতো ভরাট হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা বলছেন।
‘৩০০ কোটি টাকা অপচয়ের আশঙ্কা’ শিরোনামে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে সংশ্লিষ্টরা নালার বর্জ্য পরিশোধন করে নদে ফেলার পরামর্শ দেন। কিন্তু খুলনা সিটি করপোরেশন (কেসিসি) তা না করে খননকাজ শুরু করে।
নগরের বিভিন্ন এলাকার ১০ থেকে ১২টি খাল এসে ময়ূর নদে পড়েছে। এসব খাল ও কেসিসির কসাইখানা থেকে প্রতিদিন কয়েক টন বর্জ্য নদে এসে পড়ছে। বিষয়টি উদ্বেগজনক বলে জানান প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, খননের তিন মাস যেতে না যেতেই খালের সংযোগস্থলে দেড় ফুট পর্যন্ত নদে ভরাট হয়ে গেছে। প্রকল্পের কাজ বুঝিয়ে দেওয়ার সময় এসব এলাকায় আবার খনন করা হবে।
কেসিসি থেকে জানা যায়, নগরের জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদসহ ২২টি খাল খননের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে খুলনার মানুষ। এর পরিপ্রেক্ষিতে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদসহ ২২টি খাল খননের প্রকল্প গ্রহণ করে কেসিসি। ‘নগর অঞ্চল উন্নয়ন’ নামের এ প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক। এলজিইডি ও কেসিসি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ময়ূর নদের পাঁচ হাজার ৯০০ মিটার খননে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা। খননকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল (জেভি)। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ময়ূর নদের খননকাজের উদ্বোধন করেন মেয়র মোহম্মদ মনিরুজ্জামান।
প্রকল্প কার্যালয় থেকে জানা গেছে, গত ছয় মাসে নদের প্রায় চার কিলোমিটার এলাকা খনন করা হয়েছে। বয়রা শ্মশানঘাট থেকে খননকাজ শুরু হয়ে নিরালা কবরখানা পর্যন্ত খনন হয়েছে। এর মধ্যে গল্লামারী ব্রিজের দুই পাশে ৫০ মিটার এলাকা খনন করা হয়নি। খননকাজে এস্কাভেটর ও দেশি তৈরি ছোট যন্ত্র ব্যবহার করা হয়েছে।
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ময়ুর নদকে ঘিরে খুলনাবাসীর অনেক স্বপ্ন। এর পাশে পার্ক হবে, হাঁটার রাস্তা হবে। তা ছাড়া নগরের জলাবদ্ধতার অনেকাংশ নিরসন হবে এই নদ খননের মাধ্যমে।
নাম প্রকাশ না করার শর্তে কেসিসির এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, ‘এনালগ পদ্ধতিতে সম্প্রতি আমরা খননকাজের মাপ দিয়েছি। দেখা গেছে, প্রথম দেড় কিলোমিটার এলাকায় নদ প্রায় ৮৫ শতাংশ খনন হয়েছে। কিন্তু এই দেড় কিলোমিটার এলাকায় তালতলা খালসহ তিনটি খাল নদের সঙ্গে মিশেছে। ওই খালগুলোর সংযোগস্থলের প্রায় ৩০ মিটার নদ এক থেকে দেড় ফুট পর্যন্ত ভরাট হয়ে গেছে।’
খাল সংস্কার আন্দোলনের বিশেষ ব্যক্তিত্ব খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ দত্ত বলেন, ‘খাল সংস্কারের ব্যাপারে আমরা বলেছিলাম ড্রেনের পানি যদি নদে ও খালে ফেলতেই হয়, তবে তা পরিশোধন করেই ফেলতে হবে, অন্যথায় সংস্কার হবে প্রকৃতির সঙ্গে সংঘাতপূর্ণ এবং ব্যর্থ। কিন্তু এই প্রকল্পে তা করা হয়নি। ফলে এ উন্নয়ন হবে লোক দেখানো।’
প্রকল্পের দায়িত্বরত স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন বলেন, প্রকল্পে যেভাবে বলা আছে, সেভাবেই কাজ হচ্ছে। ময়ূর নদ বাঁচাতে হলে নদীতে পানি প্রবাহ নিশ্চিতের পাশাপাশি, বর্জ্য পড়া বন্ধ করতে হবে।
ঠিকাদার কামরুল ইসলাম দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।