একদিকে জনতার, অন্যদিকে জামায়াতের পাহারা
জামায়াত-শিবিরের সহিংসতা ও তাণ্ডব ঠেকাতে দিনে-রাতে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। এদিকে গ্রেপ্তার এড়াতেও পাহারা বসিয়েছে জামায়াত-শিবির। তবে দিনেও এলাকাবাসী বসে নেই। ছোট ছোট বাজার ও বিভিন্ন সড়কের মোড়ে তাঁরা পালা করে পাহারা দিচ্ছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার অধিকাংশ গ্রামে এক সপ্তাহ ধরে এ পাহারার কাজ চলছে। ওই দুই উপজেলার আটটি গ্রাম ঘুরে অনেকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়নের ক্ষত্রীপাড়ায় ঢুকতেই কয়েকজন এগিয়ে এলেন। সবার চোখেমুখে উদ্বেগের ছাপ। এ সময় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী লেলিন মিয়া জানতে চান, ‘ভাই, আপনি পুলিশের লোক না সাংবাদিক?’ সাংবাদিক পরিচয় পেয়ে খানিকটা আশস্ত হন। পাল্টা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপজেলায় জামায়াত-শিবিরের লোক বেশি। কখন, কার বাড়িতে হামলা করে জানি না। তাই প্রতিরাতে ১০-১২ জন পালা করে পাহারা দিই। দিনেও পাহারার দিই। খারাপ কিছু আঁচ করতে পারলে সবাইকে মুঠোফোনে জানিয়ে দিই।’
শান্তিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান জানান, এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য মানুষ সতর্ক থাকছেন।
তারাপুর ইউনিয়নের নিজামখা জোলাপাড়া গ্রামে গিয়েও একই চিত্র দেখা গেল। গ্রামের মোশারফ হোসেন জানান, গ্রামটি জামায়াত-অধ্যুষিত। গ্রামের হিন্দুরা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলার ভয়ে সব সময় ভীত থাকেন। এ কারণে দিনে-রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। তবে ওই গ্রামে জামায়াত-শিবিরের লোকজনও গ্রেপ্তার এড়াতে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক জামায়াত কর্মী বলেন, ‘গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সহিংসতায় চার পুলিশসহ আটজন নিহত হন। এ ঘটনায় মোট ৩২টি মামলায় এক হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় প্রায় ৬০ হাজার আসামি করা হয়েছে। তাই পুলিশ কখন গ্রেপ্তার করতে আসে, এ কারণে আমরাও পাহারা দিচ্ছি।’
এদিকে পলাশবাড়ীর অধিকাংশ গ্রামেও একই চিত্র। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার মহদিপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে গিয়ে দেখা যায়, একটি চায়ের দোকানে কয়েকজন লোক আড্ডা দিচ্ছেন। এ সময় ব্যবসায়ী আবুল কালাম জানান, নির্বাচনের তফসিল ঘোষণা ও কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর থেকে পলাশবাড়ী অশান্ত হয়ে ওঠে। দেড় মাস ধরে জামায়াত-শিবির পলাশবাড়ী শহর ও আশপাশের এলাকায় তাণ্ডব চালাচ্ছে। প্রায় প্রতিদিনই ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটছে। পুলিশকে জানিয়ে কেউ রক্ষা পাচ্ছেন না। তাই তাঁরা রাতে-দিনে গ্রামে পাহারা দিচ্ছেন।
একই গ্রামের ব্যবসায়ী আবু বক্কর জানান, পলাশবাড়ী এলাকায় বেশির ভাগ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে জামায়াত-শিবির। ফলে আওয়ামী লীগের কর্মীরাও পাহারা দিচ্ছেন। এ উপজেলায় যৌথ বাহিনী অভিযান শুরু করায় জামায়াত-শিবিরও গ্রেপ্তার এড়াতে পাহারা দিচ্ছে। তারাও বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নিয়ে দলীয় লোকজনকে যৌথ বাহিনী আসার খবর মুঠোফোনে জানাচ্ছে।
পলাশবাড়ী উপজেলার এক জামায়াত নেতা জানান, যাঁরা জামায়াত-শিবির করে, তাঁরা সবাই সহিংসতার সঙ্গে জড়িত নয়। তবু পুলিশ জামায়াত-শিবিরের সবাইকে ধরছে। এ কারণে পাহারার ব্যবস্থা করা হয়েছে।