একদিকে ডিসির বিদায় অনুষ্ঠান অন্যদিকে কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চলছিল জেলা প্রশাসক (ডিসি) এহছানে এলাহীর বিদায় অনুষ্ঠান। সময় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিট। একই সময়ে অনুষ্ঠানস্থল থেকে ঠিক ৪০০ গজ দূরেই আবার চলছিল তাঁর (ডিসি) কুশপুত্তলিকা দাহ।
গতকাল দুপুর সোয়া ১২টায় ওই মিলনায়তনে জেলা প্রশাসকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব। জেলা প্রশাসক পদাধিকারবলে ওই ক্লাবের সভাপতি। ক্লাবের সহসভাপতি ও পুলিশ সুপার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক নিজে, গাইবান্ধা পৌর মেয়র শামছুল আলম, ক্লাবের সহসভাপতি শহিদুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সহসাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ বকসি প্রমুখ। আগামী রোববারই ছাড়পত্র নিয়ে জেলা প্রশাসক গাইবান্ধা থেকে অন্যত্র চলে যাবেন।
কিন্তু গতকাল বেলা ১১টা থেকে গাইবান্ধা শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে চলতে থাকে বিদায়ী জেলা প্রশাসকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। যৌথভাবে এসব কর্মসূচি পালন করে গাইবান্ধা নাগরিক কমিটি ও গাইবান্ধা নাগরিক পরিষদ। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ডিবি রোডে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক এহছানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জেলা প্রশাসকের বিরুদ্ধে চলা মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, নাগরিক কমিটির সদস্যসচিব ফরহাদ আবদুল্লাহ হারুন, জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান ও সাধারণ সম্পাদক মিহির ঘোষ, নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, আইনজীবী সমীরণ সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী, গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির পরিচালক মোক্তাদুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলা প্রশাসক নিজ স্বার্থ উদ্ধারে পুরোনো কারাগারের জায়গা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ ওই জায়গায় শিশু হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করা না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, পুরোনো কারাগারের কোনো জায়গা ইজারা বা কাউকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়নি।