একদিকে পুরুষশূন্য কেন্দ্র, অন্যদিকে নারীদের দীর্ঘ সারি
মাঠের দুই পাশে দুটি ভোটকেন্দ্র। এক পাশে তিনটি বুথেই নারী ভোটারের দীর্ঘ সারি। অন্য পাশে পুরুষ ভোটারদের কেন্দ্র শূন্য। এক পাশে পোলিং কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্য পাশেই অলস সময় পার করছেন কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী এবং অঘোর মালঞ্চা উচ্চবিদ্যালয়কেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতির চিত্র ছিল ঠিক এমনটাই। শুধু এ দুটি কেন্দ্রেই নয়, সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়ার শাজাহানপুর ও কাহালু উপজেলার অন্তত ২০টি ভোটকেন্দ্র ঘুরে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতির এমন বিপরীত চিত্র দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে নারী-পুরুষ কোনো ভোটারেরই তেমন উপস্থিতি দেখা যায়নি। এসব কেন্দ্র দুপুর পর্যন্ত ছিল প্রায় ভোটারশূন্য। বেলা তিনটার পর থেকে বেশ কয়েকটি কেন্দ্রে পুুরুষ ভোটারদের উপস্থিতি বাড়ে। তবে প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই নারী ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে।
সকাল ১০টার দিকে শাজাহানপুরের বেতগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কয়েকজন নারী ভোটার থাকলেও পুরুষ ভোটার নেই। কেন্দ্রের ফটকে দাঁড়িয়ে থাকা একজন সমর্থক তাঁর প্রার্থীর জন্য ভোট চাইছেন। বেতগাড়ি দক্ষিণপাড়ার হেলানা বেগম এক মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে এ কেন্দ্রে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘এডা ভোটের দাম আচে। তাই ছোট ছল কোলত লিয়েই ভোট দিবার আচ্চি।’ বেলা সাড়ে ১১টায় ডমনপুকুর আমিনীয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র ছিল পুরুষশূন্য। তবে কেন্দ্রে ৪০ থেকে ৫০ জন নারী ভোটারকে সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বেলা তিনটার দিকে কাহালুর শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও ভোটারের উপস্থিতি কম। প্রিসাইডিং কর্মকর্তা সানাউল ইসলাম বলেন, এ কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ৩৫০ জন। বিকেল তিনটা পর্যন্ত ৩৯ শতাংশ ভোট পড়েছে। পাশের শীতলাই দাখিল মাদ্রাসার পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এলাহী বক্স তরফদার জানান, প্রতি ঘণ্টায় গড়ে ১২০-১৫০ ভোট পড়ছে।