একদিকে প্রতিশ্রুতি, অন্যদিকে দখলের অভিযোগ
সরকার ও রাজনৈতিক দলগুলো আদিবাসীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আরেক দিকে একের পর এক আদিবাসীদের জমি চলে যাচ্ছে। আদিবাসীদের ভূমি নিরাপত্তা নিশ্চিত না করে কোনোভাবেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার ‘সমতল ও পাহাড়ের আদিবাসীদের ভূমি সুরক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভার মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। ৩০ জুন সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বর্ষপূর্তি। এ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন ওই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান লেখক পাভেল পার্থ ও আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে প্রবন্ধে বলা হয়, ১৮৫৫ সালে আদিবাসীদের অবস্থা আর ২০১৬ সালে এসে সাঁওতালসহ দেশের ৫৪টির বেশি আদিবাসীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় অবস্থার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তখনো আদিবাসীরা শোষিত ছিল, এখনো শোষিত। শাসকশ্রেণির চেহারা বদলেছে, কিন্তু শোষণের প্রক্রিয়া অব্যাহত আছে।
প্রবন্ধে বলা হয়, ২০১৫ সালে কমপক্ষে ৪৫টি আদিবাসী পরিবার নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়েছে। ১ হাজার ৪০০ পরিবার উচ্ছেদের হুমকির মধ্যে ছিল। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে ছিল ৬৫৭টি পরিবার। দখল করা ৫ হাজার ২১৬ একর ভূমির মধ্যে সমতলে ১১ দশমিক ৫ একর জমি সরকারি ও বেসরকারি ব্যক্তি দখল করেছে। পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে বান্দরবানে আদিবাসী জুম্মদের জুম ও মৌজাভূমি বহিরাগত ব্যক্তিদের দ্বারা দখলের প্রক্রিয়া অব্যাহত আছে। প্রবন্ধে সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১–এর সংশোধন দাবি করা হয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত বলেন, আদিবাসীদের সমস্যা নিয়ে দেশে–বিদেশে বেশির ভাগ মানুষ, রাজনীতিবিদ, সুশীল সমাজ, দাতা গোষ্ঠী যা করছে, তা ‘মহা বুদ্ধিবৃত্তিক জালিয়াতি’। আদিবাসীদের সমস্যা শ্রেণি সমস্যা। এটিকে শ্রেণি সমস্যা হিসেবে চিহ্নিত করা না গেলে এর সমাধান হবে না। দাতা গোষ্ঠীর কাছ থেকে যত টাকা নেওয়া হবে সমস্যার সমাধান তত পেছাবে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, আদিবাসীদের সংগ্রাম ছাড়া ব্রিটিশবিরোধী সংগ্রাম হতো না। তিনি বর্তমান প্রেক্ষাপটে নিজেদের অধিকার আদায়ে সমতলের আদিবাসীদের সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদের মধ্যে সাংসদ টিপু সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ আলোচনায় অংশ নেন।