একদিকে বাঁধ নির্মাণ, অন্যদিকে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরে পাউবোর ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন হাওরের বাঁধে ফাটল ধরেছে। কোথাও কোথাও বাঁধ ধসে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারেরা দায়সারাভাবে কাজ করায় এ জেলার ফসল রক্ষার কাজের জন্য নির্মাণ করা বেশির ভাগ বাঁধের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এদিকে বাঁধের এই দুরবস্থার কারণে হাওরে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার বোরো ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কৃষকেরা আশঙ্কা করছেন। পাউবোর সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, পাউবো এবার হাওরের ফসল রক্ষায় সুনামগঞ্জের ৩৬টি হাওরে ১৩১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করছে। এ জন্য ১২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে অধিকাংশ বাঁধের কাজ শেষ হয়নি। সুনামগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার সুনামগঞ্জে এক লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৩৪ হাজার ৬১৬ মেট্রিক টন। কিন্তু বাঁধ ভেঙে পানি ঢুকলে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না।সম্প্রতি জামালগঞ্জ উপজেলা সদরের হালির হাওরের দুই স্থানের বাঁধে ফাটলের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ শুরু করেন কৃষকেরা। ধরমপাশা উপজেলার সোনামড়ল হাওরের বেটাখালি বেড়িবাঁধ ভেঙে বৃহস্পতিবার প্রায় ১২০ একর জমির ফসল তলিয়ে গেছে। দিরাই ও শাল্লা উপজেলার চাপতির হাওর এলাকার কৃষকেরা ফসল রক্ষা বাঁধের কাজ নিম্নমানের হওয়ায় ও বাঁধে ফাটল ধরায় বুধবার বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের পাঁচনাইল্যা বাঁধ ও বড়দল এলাকার বড়ভাঙ্গা বাঁধে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা মাটি ফেলার কাজ করছেন। বাঁধের পাশে বাঁশ দিয়ে আড় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বৃষ্টিতে বাঁধের মাটি সরে গেছে। মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, কাজ তদারকির জন্য পাউবোর কর্মকর্তারাও ঠিকমতো আসেন না। কোন বাঁধে কত টাকার কাজ হবে এ নিয়ে সাইনবোর্ড টাঙানোর কথা, কিন্তু কোথাও কোনো সাইনবোর্ড নেই। তাই কেউ জানে না কোথায় কতটুকু মাটি ফেলা হবে।তাহিরপুরের শনির হাওরের ফাজিলপুর, ইকরামপুর, সাহেবনগরের খালের বাঁধে গিয়ে দেখা যায়, বাঁধের ঢাল কম। ঢাল থেকেই মাটি তোলা হয়েছে। আড়-বাঁশ দেওয়া হয়নি। শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরল আমিন বলেন, ‘কাজ এবারও ঠিকমতো হয়নি। এই হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ ৪০ থেকে ৬০ ভাগ শেষ হয়েছে।বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের বেকাবাঁধের ঢাল থেকে মাটি তুলে বাঁধে দেওয়া হয়েছে। এতে বাঁধটি ঝুঁকিতে আছে।ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ছোট গোরাডোবা, বড় গোরাডোবা, গোরমার বাঁধ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আজরাখালির বাঁধ, মোহিনীপুর বাঁধ, জয়শ্রী ইউনিয়নের গাগরাখালির বাঁধ, সোনারমড়ল বাঁধ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওর বাঁধ বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময়ে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে বোরো ফসল পানিতে তলিয়ে যেতে পারে। বাঁধগুলোর উচ্চতার সমান পানির অবস্থান হওয়ায় স্থানীয় জনগণ মাটি, বাঁশের চাটাই, বাঁশ ফেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, তিন বছর এ উপজেলায় বন্যা না হওয়ায় ঠিকাদারেরা এ বছরও যেনতেনভাবে বাঁধ নির্মাণের কাজ করেছেন। ফলে ইতিমধ্যে খয়রা ও বৈঠাখালীর হাওরে পানি ঢুকে বোরো ফসল তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিয়া বলেন, ‘অধিকাংশ বাঁধ এখন হুমকির মুখে। আমিও কয়েকটি বাঁধ পরিদর্শন করেছি।’ বাঁধের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ঠিক না হওয়ায় জগন্নাথপুর উপজেলার পিংলার, শালিকা, নাচনি, বেতাউকা, গোপরাপুর, ভুড়াখালি, দাসনোয়াগাঁওয়ে হাওরে পানি ঢুকে পড়ছে। পানি ঢুকে পড়ার খবর শুনে মসজিদে মসজিদে বাঁধ রক্ষার আহ্বান জানালে কয়েক হাজার কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধগুলো রক্ষার্থে হাওরে ছুটে যান। স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, হাওর রক্ষা বাঁধের জন্য বরাদ্দ করা টাকা পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারেরা লুটপাট করে খেয়েছেন। ২০ শতাংশ কাজও হয়নি। উপজেলার দাসনোয়াগাঁও কবরস্থান, দাসনোয়াগাঁও দক্ষিণ, কুড়েরপাড়, হামহামির খাল, ভুড়াখালি কবরস্থান, দিরাই খেয়াঘাট-১, দিরাই খেয়াঘাট-২, শালিকা ১ ও ৩, বেতাউকা, বেতাউকা পূর্ব, নাচনি, মুচিবাড়ী, কম্পার্টমেন্টাল বাঁধের কাছে (পূর্ব), করচ গাছের নিচ, রানীগঞ্জ বাজার ও ব্রিক ফিল্ডের বাঁধের কাজের কোনো অগ্রগতি হয়নি।সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম জানান, ৩১ মার্চ পর্যন্ত কাজের মেয়াদ ছিল। অধিকাংশ ঠিকাদারই সময় বাড়ানোর জন্য তাঁর কাছে আবেদন করেছেন। তাই আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। একমাত্র ধরমপাশা উপজেলার কিছু হাওর ছাড়া আর কোথাও বাঁধ ঝুঁকিতে নেই। যেসব স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে সেসব স্থানে কাজ চলছে। তিনি আরও বলেন, ‘আমরা ৯০ ভাগ কাজ করেছি। কাজে কোনো অনিয়ম হয়নি। ঠিকাদারদের কাছ থেকে শতভাগ কাজ আদায় করে নেওয়া হবে।’প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের সুনামগঞ্জ, তাহিরপুর, ধরমপাশা ও জগন্নাথপুর প্রতিনিধি।