ঘটনাস্থল: পদ্মা নদীর পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন
একদিকে বালু উত্তোলন অন্যদিকে নদীভাঙন
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ও কয়েক শ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চলতি শুষ্ক মৌসুমে ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে ইউনিয়নের আরও পাঁচটি গ্রাম ও নাজিরগঞ্জ ফেরিঘাট।
ইউনিয়নের বড় খাঁপুড় গ্রামের নূরাই খাঁ জানান, কয়েক বছরের অব্যাহত ভাঙনে তিনিসহ তাঁর প্রতিবেশী শতাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে। বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে অনেকেই অন্যের জমিতে কুঁড়েঘর তুলে জীবনযাপন করছেন। হাসামপুর গ্রামের আবদুল জলিল মোল্লা বলেন, ‘নদীর এই বালুই আমাগের জীবনের কাল হইছে। মানুষ অতি লোভ করে বালু তুলবের যায়া আমাগের বাড়িঘর ভাঙছে। কিন্তু প্রশাসন এসব দেখতেছে না। আমরা এই বালু তুলা বন্ধের দাবি জানাই।’
জানতে চাইলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, ‘মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ কয়েক দিন আগেও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে৷ কিন্তু সমস্যা হচ্ছে নদীর মাঝে কত দূর পর্যন্ত পাবনা পড়েছে, এর সীমানা স্পষ্ট নয়৷ তাই অনেক ব্যবসায়ীকে ধরলেও তাঁরা সীমানার বাইরে বলে জানান৷ আবার আমরাও ঠিকমতো অভিযান চালাতে পারি না৷ এ ক্ষেত্রে রাজবাড়ী প্রশাসন আমাদের নিয়ে যৌথভাবে অভিযান চালালে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব৷’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর নাজিরগঞ্জ অংশ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। সরকারিভাবে নির্দিষ্ট বালুমহাল ইজারা দেওয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী অপরিকল্পিতভাবে নদী থেকে বালু তুলছেন। এ কারণে চলতি শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা কমে গেলেও ভাঙন অব্যাহত রয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে নাজিরগঞ্জ ফেরিঘাট, ভূমি অফিস ও নদীর তীরবর্তী বড় খাঁপুড়, বুলচন্দ্রপুর, হাসামপুর, কালিকাপুর, চর খলিলপুর গ্রামের কয়েক শ বসতবাড়ি ও কয়েক হাজার বিঘা ফসলি জমি।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, পদ্মা নদীর পাড় ঘেঁষে জেগে উঠেছে চর। নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় একদিকে চলছে নদীভাঙন, অন্যদিকে বালু উত্তোলন। পানির স্রোত কম থাকায় ধীরগতিতে পাড় ভাঙছে৷ নদীর বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে অন্তত ২৫ থেকে ৩০টি ইঞ্জিনচালিত বড় বড় খননযন্ত্র ও নৌকা দিয়ে বালু তোলা হচ্ছে। যন্ত্রের মাধ্যমে নদীর গভীর থেকে তোলা পানিসহ বালু পড়ছে কাঠের নৌকায়। সেখান থেকে পানি সরে যাওয়ার পর বালু নিয়ে ফেলা হচ্ছে নদীর পাড়ে। ওই বালু পরে ট্রাক ও নছিমন-করিমনে পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
নাম প্রকাশ না করার শর্তে নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকার অন্তত ১০ জন ব্যবসায়ী জানান, নদীর এই পারে পাবনার নাজিরগঞ্জ ওই পারে রাজবাড়ীর জৌকুড়া ধাওয়াপাড়া৷ দুই পারের কিছু প্রভাবশালী ব্যক্তির সিন্ডিকেট অবৈধভাবে এই বালু উত্তোলনে জড়িত৷ এর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাসীন দলের রাজবাড়ীর কয়েকজন নেতা। নদীর পাবনা অংশের বালুর মান ভালো হওয়ায় তাঁরা এ অংশে অনুপ্রবেশ করে অবৈধভাবে বালু তুলছেন।
নাজিরগঞ্জ এলাকার বালু ব্যবসায়ী আখতার শিকদার বলেন, পরিকল্পিতভাবে নদী থেকে বালু তুললে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু বালু ব্যবসায়ী নিয়মনীতি মানছেন না। গত ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত নদীর অবস্থা বিবেচনায় কয়েকটি বালুমহালের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর পরও সেখান থেকে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়ছে ফেরিঘাট, বাজারসহ নদীর পারের বাসিন্দারা।