একদিকে বালু উত্তোলন অন্যদিকে নদীভাঙন
পাঁচ মাসের অনুমতি নিয়ে প্রায় তিন বছর ধরে চাঁদপুরের মেঘনা নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তুলছে একটি চক্র। এমনকি আদালতের নির্দেশও মানছে না চক্রটি। সদর উপজেলার মেঘনা নদীর সাখুয়া, ইচুলী ও মির্জাপুর মৌজার বিভিন্ন এলাকা থেকে অব্যাহত বালু উত্তোলনের ফলে এসব এলাকায় নদীভাঙনসহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।সাখুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফেজ বেপারী জানান, ভূমি মন্ত্রণালয় থেকে চাঁদপুর শহরের বাসিন্দা সেলিম খান ২০০৮ সালের মার্চে পাঁচ মাসের জন্য বালু তোলার অনুমোদন নেন। কিন্তু তিনি প্রায় তিন বছর ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। বিষয়টি সংশ্লিষ্ট একাধিক বিভাগকে জানালেও তাঁর বালু তোলা বন্ধ হয়নি। জেলা প্রশাসন, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ গত নভেম্বরে দুটি ড্রেজার আটক করলে সেলিম খান হাইকোর্টের আদেশ নিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখেন। কিন্তু সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখতে বলেন। এর পরও আদালতের নির্দেশ অমান্য করে পাঁচটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ।সাখুয়া ও জাফরাবাদে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর সাখুয়া এলাকায় পাঁচটি ড্রেজারের সাহায্যে সেলিম খানের লোকজন প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলছে। এর ফলে সাখুয়া থেকে জাফরাবাদ এলাকা পর্যন্ত নদীভাঙন দেখা দিয়েছে। গত এক বছরে এসব এলাকার দু-তিন শ বসতঘরসহ বহু ফসলি জমি বিলীন হয়ে গেছে। অন্যদিকে নদীর এসব বালু কিনে আরেকটি চক্র চাঁদপুর শহরের বিভিন্ন পুকুর-ডোবায় ফেলে তা ভরাট করছে। চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমদ জানান, ব্যাপক হারে পুকুর, ডোবা ভরাট হওয়ায় পৌর এলাকায় পয়োনিষ্কাশনে ভীষণ চাপ পড়েছে, বিপর্যয় দেখা দিয়েছে পরিবেশের।ভাঙনের শিকার সলেমা বেগম জানান, বালু উত্তোলনের ফলে তাঁর বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে আরও ১৫-২০টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। হুমকির মধ্যে রয়েছে আরও বহু পরিবার।চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান জানান, এক জায়গায় দু-তিন বছর ধরে অপরিকল্পিতভাবে বালু তোলায় আশপাশের বিরাট ক্ষতি হচ্ছে। এর আগে সেলিম খানকে জরিমানা করা হয়েছে। শিগগিরই বালু উত্তোলন বন্ধে কোস্টগার্ড নিয়ে অভিযান শুরু করা হবে। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. খাজা মাসুম জানান, জেলা প্রশাসনের নির্দেশনা পেলে বালু তোলা বন্ধ করা হবে।অভিযোগের বিষয়ে সেলিম খান জানান, তিনি তিনটি মৌজায় ৩০ হেক্টর নদী এলাকায় ৩০ লাখ ঘনফুট বালু তোলার অনুমোদন নিয়েছেন। কিন্তু এখনো একটি মৌজায় বালু তোলা শেষ হয়নি। তিনি দাবি করেন, বালু তোলা বন্ধে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন ছাড়া অন্য কারও কোনো এখতিয়ার নেই।