একদিকে বাল্যবিবাহ নিরোধ, অন্যদিকে শিশু বিয়েতে উৎসাহ
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বাল্যবিবাহের হার কম দেখানোর স্বার্থেই সরকার এমনটা ভাবছে। এর মধ্যেই সরকার প্রথমবারের মতো আজ ২৯ সেপ্টেম্বরকে ‘বাল্যবিবাহ নিরোধ দিবস’ হিসেবে উদ্যাপন করতে যাচ্ছে।
সরকারের এ ধরনের আচরণে নারী, শিশু ও মানবাধিকার নিয়ে কর্মরত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তাঁরা বলছেন, শিশু আইন, শিশুনীতিসহ বিভিন্ন আইন ও নীতি এবং জাতিসংঘের শিশু অধিকার সনদসহ বিভিন্ন সনদ অনুসমর্থন করে সরকার ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করেছে। তাই সরকারের এ ধরনের চিন্তাধারা বিভিন্ন আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
আজ সোমবার শুরু হচ্ছে জাতীয় শিশু অধিকার সপ্তাহ। সপ্তাহের প্রথম দিন সারা দেশে সরকারি-বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে বাল্যবিবাহ নিরোধ দিবস হিসেবে পালনের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ৬৪ জেলার প্রশাসকদের অনুরোধ করেছেন।
২৫ সেপ্টেম্বর সচিবদের সই করা এক চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। বাল্যবিবাহের ফলে গর্ভপাত, শিশুমৃত্যু, অপুষ্টি ও শিক্ষার ব্যাঘাত হয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের ব্যক্তিগত ও মানসিক বিকাশকেও বাধাগ্রস্ত করে।’
এর আগে ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সভা থেকে ১৯২৯ সালের বিদ্যমান আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে ১৮ এবং মেয়েদের ১৮ থেকে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনা করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ (অনুশাসন) দেওয়া হয়।
জনসংখ্যা বিশ্লেষক অধ্যাপক এ কে এম নূর-উন নবী প্রথম আলোকে বলেন, সরকার মেয়ের বিয়ের বয়স কমিয়ে ১৬ করলে তা হবে স্ববিরোধী। কেননা, সরকার আইন করে বাল্যবিবাহ বন্ধ করতে চাইছে। আবার সরকার নিজেই শিশুর বিয়েকে আইনের আওতায় জায়েজ করতে চাইছে। এ ছাড়া ১৯৯১ সালে দেশে প্রজনন বয়সী নারীর সংখ্যা ছিল ২০ দশমিক ৮ শতাংশ, ২০০৭ সালে তা বেড়ে হয় ২৩ দশমিক ৪ শতাংশ। একদিকে দেশে মোট প্রজনন হার কম আসছে, অন্যদিকে প্রজননক্ষম নারীর সংখ্যা বাড়ছে। ১৬ বছর বয়সে বিয়ে দিয়ে সামাজিক বাস্তবতায় সে ২০ বছরের আগে সন্তান নেবে না, তা বলার উপায় নেই। কেননা, বংশরক্ষাসহ বিভিন্ন সামাজিক চাপে সেই কিশোরীকে সন্তান নিতেই হবে। ফলে তা দেশের জনসংখ্যার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
সরকারের ২০১১ সালের সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) বলছে, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৬৬ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। ১৯ বছরের মধ্যে প্রতি তিনজনের একজন কিশোরী গর্ভধারণ করছে বা সন্তানের জন্ম দিচ্ছে।
জুলাই মাসে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ ও যুক্তরাজ্য সরকারের যৌথ আয়োজনে ২১ থেকে ২৩ জুলাই লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ১৫ বছর বয়সের আগে এবং ২০৪১ সালের মধ্যে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যমাত্রার কথা জানান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা উন্নয়নকর্মী রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘সরকার দেশে বাল্যবিবাহের হার কম তা প্রমাণ করা এবং বাহবা পাওয়ার জন্য এ ধরনের চিন্তাভাবনা করছে বলেই মনে হচ্ছে। এতে করে মেয়েদের শিক্ষায় ধস নামবে। নারীর ক্ষমতায়নের পথ রুদ্ধ করবে।’
তবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিয়ের বয়স ১৬ করার পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে শিশুর বয়স ১৮, তার পরও অভিভাবকের অনুমতিতে ১৬ বছরের মেয়ের বিয়ের বিধান করা আছে। দেশের আবহাওয়ায় মেয়েদের মাসিক তাড়াতাড়ি হয়। গ্রামে-গঞ্জে ১৮ বছরের মেয়েকে শিশু হিসেবে মানতে চায় না অনেকে। পড়াশোনাসহ বিভিন্ন কারণে ছেলেমেয়েদের একসঙ্গে চলাফেরা বেড়েছে। ফলে বিয়েবহির্ভূত সম্পর্কের মধ্যে সন্তানের জন্ম হলে তার বৈধতা দেওয়াও কঠিন। দেশের বিভিন্ন বাস্তবতায় বিয়ের বয়স কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে, তবে তা চূড়ান্ত হয়নি।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় মন্ত্রিসভার বিভিন্ন আলোচনার ভিত্তিতে খসড়াটির বিভিন্ন দিক পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’