দিনাজপুর পৌরসভার বর্তমান মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁকে বরখাস্ত করে। তবে যেসব অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে, সেগুলো পুরোপুরি অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।
প্রজ্ঞাপনে সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিধিমালা ভঙ্গ করে বিভিন্ন ব্যক্তির হোল্ডিং করের টাকা কমিয়ে পৌরসভার আর্থিক ক্ষতিসাধন এবং চাহিদা না থাকা সত্ত্বেও একক ক্ষমতাবলে কর্মচারী নিয়োগের অভিযোগ আনা হয়েছে। প্রজ্ঞাপনে পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের কাছে মেয়রের ক্ষমতা হস্তান্তরেরও আদেশ দেওয়া হয়েছে।
তবে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মুরাদ আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সৈয়দ জাহাঙ্গীর আলম মেয়র পদে প্রার্থী হওয়ায় মনোনয়ন জমা দেওয়ার আগেই গত বুধবার তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পৌরসভার বর্তমান কাউন্সিলর ফয়সাল হাবীব ছাড়াও একাধিক কাউন্সিলর বলেন, গত পাঁচ বছরে পৌরসভার কাউন্সিলররা মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পৌরসভার রাস্তা-ড্রেন নির্মাণ ও সংস্কার, হাটবাজার ইজারা, বিভিন্ন প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে জানান। রাজধানী ঢাকা থেকে একাধিক তদন্ত দলও আসে। তা ছাড়া দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকেও তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত হয়। কাগজপত্র জব্দ করা হয়। এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেয়রকে কারণ দর্শাতে একাধিক চিঠি দেওয়া হয়। কিন্তু বরখাস্ত করা হয়নি।
বরখাস্ত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে গতকাল সকালে জাহাঙ্গীর আলম বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের দিন গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে আমাকে বহিষ্কার করে। এই আদেশ বর্তমান সরকারের জুলুম-নির্যাতনেরই অংশ। সারা দেশে বিএনপির যাঁরা জনপ্রিয় মেয়র, তাঁদের সবার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।’ তিনি দাবি করেন, ‘আমি কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই।’ সেই সঙ্গে মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে রিট করবেন বলে জানান তিনি।
সাবেক মেয়র সফিকুল হক বলেন, ‘যেসব অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তার সবগুলোই সত্য। তাঁর পরিষদের কাউন্সিলররাই একাধিকবার লিখিত অভিযোগ করেছেন। কিন্তু মন্ত্রণালয় এত দিন কী করল? আগেই তাঁকে বরখাস্ত করা যেতো। তাতে কোনো প্রশ্ন উঠতো না। মেয়াদ শেষে নির্বাচনের তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র জমা দেওয়ার পর বরখাস্ত করা ঠিক হয়নি।’
দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বলেন, মেয়র জাহাঙ্গীর ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন এ কথা সবাই জানেন। কিন্তু এমন সময় তাঁকে বহিষ্কার করা হলো যে ভোটের রাজনীতিতে তিনি মন্ত্রণালয়ের ওই আদেশকে তাঁর পক্ষে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা কমিটির সহসভাপতি মো. রবিউল আউয়াল বলেন, ‘সকালে বড় মাঠে হাঁটতে যাওয়া অনেকেই মেয়রের বহিষ্কারের বিষয়টি নিয়ে বলেছেন, এমন সময় তাঁর বহিষ্কারাদেশ ভোটারদের মনে তাঁর প্রতি সফট কর্নার তৈরি করবে।’
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি বর্তমানে নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত। অন্য বিষয় নিয়ে ভাবার সময় নাই।’