ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের সীতাকুণ্ডে দেবে যাওয়া অংশ ও টানা বৃষ্টিতে সৃষ্ট ছোট-বড় গর্ত সংস্কারের কাজ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সংস্কারকাজের জন্য গতকাল বুধবার ছোট কুমিরা এলাকায় চার লেন মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ করে দেওয়া হয়। এতে অন্তত চার ঘণ্টা যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল দেড়টায় শুরু হওয়া যানজট বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল। ছোট কুমিরা থেকে বাড়বকুণ্ডের চাড়ালগান্ধি পিএইচপি এলাকা পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার দূরত্বে এ যানজট ছাড়িয়ে যায়।
বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা নন্দন রায় বলেন, দুপুরের দিকে গাড়িগুলো বাঁশবাড়িয়া এলাকার সরু পথে বিভাজক অতিক্রম করতে চাইলে যানজটের সৃষ্টি হয়।
তবে হাইওয়ে পুলিশের ভাষ্য, যানজট ছিল মাত্র দেড় ঘণ্টা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নকিব আজিজুর রহমান বলেন, সওজের সংস্কারকাজ করার সময় দুদিকের গাড়ি চট্টগ্রামমুখী লেনে চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে তিনটায় যানজট শুরু হয়ে পাঁচটার দিকে স্বাভাবিক হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, মোটামুটি রাস্তার সংস্কার করা হয়েছে। খুব প্রয়োজন না হলে ঈদের আগে আর সংস্কারকাজ করা হবে না।