মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরের দিকে যেতে মূল রাস্তার দক্ষিণ দিককার সরু গলিটি ৩০ থেকে ৩৫ ফুট চওড়া করা হয়েছে। কিন্তু কোথাও কোথাও আবার খোঁড়াখুঁড়ি হওয়ায় এবং সড়কের ওপরই মাটি ফেলে রাখায় চলাচলে অসুবিধা হচ্ছে। যানবাহনও চলছে কম। সড়কটি ৪০ ফুট চওড়া করার পরিকল্পনা ছিল।
গত রোববার বিকেলে এলাকায় গিয়ে এই অবস্থা দেখা যায়। কচুক্ষেত মুন্সিপাড়া রোড থেকে সেনপাড়া-পর্বতা হয়ে ১০ নম্বর প্রধান সড়ক পর্যন্ত গলিটিকে চওড়া করার কাজ হয়েছে চলতি মাসের শুরুতে। প্রধান সড়কে যানবাহনের চাপ কমাতে এই সড়ক চওড়া করা হচ্ছে। তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন এই জায়গা কোথাও কোথাও দখল হয়ে থাকায় সড়কটি ৪০ ফুট করা সম্ভব হয়নি।
দেখা যায়, সড়কের সেনপাড়া-পর্বতা অংশে ৫৫০ নম্বর দোকানের সামনে বড় একটি গর্ত করা হয়েছে। ওই দোকান ছাড়াও আশপাশের দোকানের সামনে মাটি স্তূপ করে রাখা। গর্ত এবং স্তূপাকার মাটির কারণে দোকানগুলো বন্ধ। গর্তটি খোলা অবস্থায় রয়েছে।
শেওড়াপাড়া মনিপুর স্কুল থেকে ফিরছিল এক শিক্ষার্থী। চোখে পুরু চশমা। চলতে চলতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল মাটির স্তূপে। একটু হলে পড়েই যেত গর্তে। দোকানগুলোর সামনে প্রায় রাস্তার ওপরই বসে ছিলেন এক কলাওয়ালা। বললেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
মাঝ রাস্তায় বসেছেন কেন—কলাওয়ালাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাস্তা পাকা অইলেও গাড়িঘোড়া চলে না। তা ছাড়া এখানে গর্ত আর মাটি। কারও অসুবিধা হয় না।’
১০ থেকে ১৪ নম্বর প্রধান সড়কের দক্ষিণ দিকে কিছুটা ভেতরের এলাকায় গিয়ে দেখা যায়, আহ্ছানিয়া মিশন হাসপাতালের পেছনে যে নর্দমা করা হয়েছে, তার কাজ শেষ হলেও ওপরের দিকটায় এখনো শুকনা আবর্জনা জমে আছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) ১ নম্বর ভবনের পাশে স্থাপনা ও কিছু বৈদ্যুতিক খুঁটির কারণে সড়ক একেবারেই সরু। কয়েকটি বাড়ির সামনে দেয়াল তোলা হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দোকানপাট ভাঙা হলেও এসব বাড়িঘর ভাঙা হয়নি। এখন দেয়াল দিয়ে পাকাপোক্ত দখল নেওয়া হচ্ছে।