একদিকে স্বতন্ত্র, অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্য পৌরসভাগুলোতে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং হামলার অভিযোগ আনলেও খাগড়াছড়ির পরিবেশ ভিন্ন। এখানে দুই দলের প্রার্থীই প্রায় একই সুরে কথা বলছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি দেখানোসহ প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের এক ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরেক ভাই জেলা কমিটির নেতা।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শানে আলম ও বিএনপির প্রার্থী আবদুল মালেক পৃথক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের ক্যাডাররা নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রচারণায় বাধা সৃষ্টি করছে এবং হামলা করছে। রফিকুল আলম খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র।
তবে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন ও ষড়যন্ত্র করছেন।
খাগড়াছড়ি পৌর এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের কোনো নির্বাচনে খাগড়াছড়িতে সংঘাত হয়নি। তবে এবারের পৌর নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের পাশাপাশি রফিকুল আলমের এলাকায় প্রভাব রয়েছে। তিনি গতবারও নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে কথা হয় ৬ নম্বর ওয়ার্ডের আবদুর রাজ্জাক, কল্পনা বেগম, ইদ্রিছ মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের আবদুল অদুদ, ৫ নম্বর ওয়ার্ডের ভোলাস ত্রিপুরা, ৬ নম্বর ওয়ার্ডের নূর হোসেন ও ২ নম্বর ওয়ার্ডের নূরুল আমিনের সঙ্গে। তাঁরা বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অজানা ভয় কাজ করছে। প্রচারণার সময় হামলার কয়েকটি ঘটনার কারণে তাঁরা আতঙ্কিত।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী শানে আলম দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের ক্যাডাররা নৌকার প্রচারণায় বাধা দিচ্ছে। শালবন এলাকায় তাঁর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন ও কুমিল্লাটিলায় তাঁর কর্মীদের ওপর হামলা হয়েছে। এ ছাড়া দলের অনেক কর্মী-সমর্থককে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের বড় ভাই জাহেদুল আলম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর ছোট ভাই দিদারুল আলম জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। তিনি তাঁদের প্রভাব কাজে লাগিয়ে নৌকা প্রতীকের কর্মীদের হুমকি দিচ্ছেন।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রণবিক্রম ত্রিপুরা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় অস্ত্র আইনে ১০ বছর সাজাসহ ২৫টি মামলার তথ্য গোপন করেছেন। আচরণবিধি লঙ্ঘন করছেন। তাঁর ক্যাডার বাহিনী দিয়ে আমাদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন ও হামলা করেছেন। আমরা অভিযোগগুলো লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’ তিনি বলেন, দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
বিএনপির মেয়র প্রার্থী আবদুল মালেকও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘রফিকুল আলমের ক্যাডাররা আমার প্রচারণায় বাধা সৃষ্টি করছে। আমার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমি বিষয়গুলো লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
তবে গত শুক্রবার স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছেন। আমার বিজয়কে বাধাগ্রস্ত করতে দুই প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছেন। আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে বহিরাগত ক্যাডারদের দিয়ে রফিকুল আলম ঠেকাও স্লোগান দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
পৌর নির্বাচন নিয়ে জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী সাংবাদিকদের বলেন, খাগড়াছড়ির নির্বাচন পরিস্থিতি অত্যন্ত ভালো। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হবে। সুষ্ঠু হবে। কোনোভাবেই সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবে না।