একদিকে হাসি অন্যদিকে হা-হুতাশ

খাল খনন করায় পাবনার সাঁথিয়া উপজেলার আঁধারিয়া, বেহুলা ও পাইকশা বিলের তিন হাজার বিঘা ফসলি জমি ২০ বছর পর জলাবদ্ধতামুক্ত হয়েছে। বিল তিনটির জমিতে এখন পাকা ধান আর কৃষকের মুখে হাসি।
অন্যদিকে এ বিল তিনটি থেকে ১৫ কিলোমিটার দূরের ইটকাটা বিলের প্রায় দেড় হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারণে ২২ বছর ধরে অনাবাদি রয়েছে। এ বিলের কৃষকরা হা-হুতাশ করছেন।
বছর দুয়েক হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নিষ্কাশন খাল খনন করে জলাবদ্ধতা দূর করায় আঁধারিয়া, বেহুলা ও পাইকশা বিলের বেশির ভাগ জমি আবারও আবাদি হয়ে উঠেছে। অথচ জলাবদ্ধতার কারণে ইটকাটা বিলের জমি ২২ বছর ধরে অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। এ বিলটির জলাবদ্ধতার কারণ আর আঁধারিয়া, বেহুলা ও পাইকশা বিলের জলাবদ্ধতার কারণ হুবহু এক।
বিএডিসির সাঁথিয়া অঞ্চলের সহকারী প্রকৌশলী সৈয়দ সালেহ রাজ্জাক বলেন, ‘পাবনা-নাটোর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় আঁধারিয়া বিল এলাকায় নিষ্কাশন খালটি খনন করা হয়। কিন্তু ইটকাটা বিলের বিষয়টি কোনো কর্মসূচি বা প্রকল্পের আওতায় নেই। যেকোনো প্রকল্পের আওতাভুক্ত করে সেখানে নিষ্কাশন খাল খনন করা হলে জলাবদ্ধতা নিশ্চিতভাবে দূর করা সম্ভব। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘সরেজমিনে ইটকাটা বিল এলাকা পরিদর্শনের পর জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
এলাকাবাসী ও কৃষক সূত্র জানায়, দুটি এলাকার চারটি বিলে জলাবদ্ধতার মূল কারণ হলো অপরিকল্পিতভাবে পাবনা সেচ প্রকল্পের সেচখাল নির্মাণ। ১৯৯২ সালে পাউবো এই সেচখাল নির্মাণ করে। সেচখাল নির্মাণের আগে শুষ্ক মৌসুমে চারটি বিলের জমিতেই ধান, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদিত হতো। কিন্তু সেচখাল নির্মাণ করার পর থেকেই বিলগুলোতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেচখাল নির্মাণের আগে আঁধারিয়া, বেহুলা ও পাইকশা বিলের পানি ইছামতী নদীর মাধ্যমে নিষ্কাশিত হতো। আর ইটকাটা বিলের পানি নিষ্কাশিত হতো কাগেশ্বরী নদীর মাধ্যমে। কিন্তু সেচখাল নির্মাণের পর বন্ধ হয়ে যায় বিলগুলোর পানিনিষ্কাশনের পথ। এতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় অনাবাদি হয়ে পড়ে চারটি বিলের প্রায় সাড়ে চার হাজার বিঘা ফসলি জমি।
আঁধারিয়া, বেহুলা ও পাইকশা বিলের জলাবদ্ধতা দূর করার জন্য ২০১২ সালে বিএডিসি আঁধারিয়া থেকে ছোন্দহ সেতু পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দীর্ঘ নিষ্কাশন খাল খনন করে। এতে দুই বছর ধরে তিন হাজার বিঘার মধ্য থেকে প্রায় দুই হাজার বিঘা জমি জলাবদ্ধতামুক্ত হয়।
পাইকশা গ্রামের আবদুল হাই বলেন, ‘আমার চার বিঘা জমির থ্যা জলাবদ্ধতা দূর হইছে। এসব জমিতে এবার ধানের ফলন দেইখ্যা মন জুড়ায়া গেছে।’
এদিকে ইটকাটা বিল এলাকার কৃষকেরা জানান, এই বিল থেকে গাঙ ভাঙা বিল পর্যন্ত মাত্র এক কিলোমিটার দৈর্ঘ্যের নিষ্কাশন খাল খনন করে জলাবদ্ধতা দূর করা সম্ভব।
করমজা গ্রামের কৃষক হোসেন আলী (৭০) বলেন, ‘এই বিলের ৩০০ কৃষকের প্রায় দেড় হাজার বিঘা জমি ২২ বছর ধইর্যাষ অনাবাদি। জলাবদ্ধতা দূর করার জন্য এই এলাকার সাবেক দুই মন্ত্রীর কাছে আমরা বারবার গেছি। এক মন্ত্রীকে তো আমি জলাবদ্ধ এলাকা ঘুরায়া পর্যন্ত দেখাইছি। তাঁরা নিষ্কাশন খাল খনন করার ব্যাপারে কথা দিছে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই।’ একই গ্রামের আরেক কৃষক আবদুল মতিন বলেন, ‘আমার পাঁচ বিঘা জমি পানিতে ডুইব্যা আছে। সেই জমির দিকে তাকায়া বুকটা ফাইট্যা যায়।’