একদিন অপেক্ষার দিন শেষ হবে
অপেক্ষার যন্ত্রণা মৃত্যুর চেয়েও কঠিন—এ কথাটি হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার মতো বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীরা। কঠিন পরিশ্রমের ফলাফল হিসেবে পেয়েছে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়। আবার কৈশোর থেকে যৌবনে পদার্পণের এটাই সময়। তারা তাদের এই আঠারোকে স্বাগত জানাত তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে দিয়ে, কিন্তু হায়! করোনো মহামারির কারণে তা আর হলো কোথায়! কবে যে হবে, তাও তো জানা নেই।
শুধু আমরাই–বা কেন? শিক্ষার্থী–খরায় হাহাকার করছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
আজ করোনার কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের চেয়ার-টেবিলে ধুলো জমেছে, টিএসসিতে ঘাসগুলো নিজস্ব পুষ্টি উপাদানে হৃষ্টপুষ্ট হচ্ছে। কঠিন ম্যাথ সলভ করে বুয়েটের শিক্ষার্থীরা এখন আর পলাশীতে গিটারের সুর তোলে না। আর রাবি? সে তো আমের রাজ্যের রাজার এক রাজপুত্র। সেখানে আমের সুমিষ্ট গন্ধকে নবাগতরা অনুভব করতে পারছে না। প্যারিস রোডে কেউ কারও হাত ধরে হাঁটে না, গাছেদের বিশালত্বকে অনুভব করে না। জাবি? সে তো প্রাকৃতিক পরিবেশের এক লীলাভূমি। প্রকৃতি তাকে নিজের হাতে সাজিয়েছে। সেখানে প্রকৃতি ও পাখি সবাই আছে কিন্তু উপভোগ করার মতো কেউ নেই। চবির শাটল ট্রেনের চাকা আর ঘোরে না, তার জন্য কেউ আর অপেক্ষাও করে না। পুরান ঢাকার কোলাহলপূর্ণ জবি এখন যেন রাজত্বহীন কোনো রাজার রাজবাড়ি। বাড়ি আছে কিন্তু তার রাজত্ব নেই।
এভাবে প্রতিটি ক্যাম্পাসই তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে তার ভালোবাসাকে। আর হ্যাঁ...
একদিন পৃথিবী সুস্থ হবে।
একদিন অপেক্ষার দিন শেষ হবে।
প্রতিটি ক্যাম্পাস তার প্রাণ ফিরে পাবে। তার ভালোবাসাকে ফিরে পাবে। ভালোবাসার ক্ষতিটাকে পুষিয়ে নেবে। আবার টিএসসিতে চিরকুট, শিরোনামহীন, লালন, জলের গান, অথবা আভাসের গানে মেতে উঠবে। রাজপুত্র (রাবি) তার রাজত্ব ফিরে পাবে। তত দিনে তার খাজনা তোলার সময় পেরিয়ে যাবে। হয়তোবা পাখিরা চলে যাবে কিন্তু জাবিয়ানরা তাদের ক্যাম্পাস ফিরে পাবে। আবার একদিন পলাশীতে গিটারের সুর তুলবে—
অপেক্ষার দিন শেষ হয়েছে।
এখন আমি আমার ক্যাম্পাসে।
*শিক্ষার্থী, ২০১৯-২০ সেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়