একদিন ঢাকার বাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বাসে চড়ার অভিজ্ঞতা যে কতটা তিক্ত—কমবেশি সব নগরবাসীই তা জানেন। ফাইল ছবি
রাজধানীতে বাসে চড়ার অভিজ্ঞতা যে কতটা তিক্ত—কমবেশি সব নগরবাসীই তা জানেন। ফাইল ছবি

বেলা সাড়ে ১১টার কাছাকাছি। শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ‘সময় নিয়ন্ত্রণ, সিটিং, গেটলক’ লেখা বাসটি এসে দাঁড়াল। সুযোগ পেয়ে উঠে পড়লাম। উঠে প্রথম অমিল দেখলাম সিটিং লেখা থাকলেও আসলে বসার সুযোগ নেই। দাঁড়িয়েই থাকতে হলো। গেট লকও (বন্ধ করা) হলো না। তালতলা এসে আরও কিছু যাত্রী উঠলেন। এর পরের স্টপেজ থেকে চারজন নারীসহ আরও কয়েকজন। সব মিলে এখন আমি আর একা নই, দুজন নারীসহ মোট ১১ জন দাঁড়িয়ে আছি ওই সিটিং গাড়িতে। চালকের বাঁ পাশের একটি লম্বালম্বি আসনের ওপরে লেখা আছে, ‘মহিলা সিট, চারজন।’ কিন্তু সেখানে দিব্যি দুজন মধ্যবয়স্ক পুরুষ বসে আছেন, এঁদের একজনের হাতে অবশ্য ক্র্যাচ দেখা যাচ্ছে। সিটিং বা গেট লক এ দুটি বিজ্ঞাপন ভুয়া প্রমাণিত হওয়ার পরও তখন পর্যন্ত মনে হচ্ছিল যাক সময় তো নিয়ন্ত্রণ হচ্ছে। কোথাও খুব একটা দেরি করছে না। শেওড়াপাড়া থেকে মাত্র ১২-১৪ মিনিটে বিজয়সরণি (উড়োজাহাজ) মোড় পার হয়ে গেছে।
কিন্তু এর পর আর কোনোভাবেই সময় নিয়ন্ত্রণ করতে পারছিলেন না গাড়ির চালক মো. বাবুল, তাঁর নাকি ঢাকায় ৩০ বছরের বাস চালানোর অভিজ্ঞতা! কিন্তু আগাবেন কী করে! রাস্তায় জ্যাম। একটু একটু করে খামারবাড়ি মোড় পর্যন্ত পৌঁছাতে দেখা গেল ফার্মগেট মোড় পর্যন্ত গাড়ির সারি ঠায় দাঁড়িয়ে। বাবুল সাহেব গাড়ির স্টার্ট বন্ধ করলেন। এ সুযোগে তাঁর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা। তিনি আশ্বস্ত করলেন, জ্যাম ছাড়লে এক টানেই ফার্মগেট মোড় পার করে দেবেন। বাস্তবে তা পারলেন না। আরও দুই দফা তাঁকে গাড়ির স্টার্ট বন্ধ করতে হয়েছিল।

এদিকে গাড়ি যখন চলছিল, তখনই বোঝা যায়নি। থামার পর বোঝা যাচ্ছে, ভেতরে ফ্যানের প্রয়োজনীয়তা। সবাই ঘামছেন। বাইরের চেয়ে টিন-লোহায় মোড়া এ বাহনের ভেতর গরমটা যেন কয়েকগুণ বেশি। গরমের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের মেজাজও চরমে উঠতে শুরু করেছে। একজন বলে উঠলেন, লিখে রেখেছেন সময় নিয়ন্ত্র্রণ! এটা দেখেই না উঠলাম। আরেকজন চরম ক্ষিপ্ত সিটিংয়ে কেন দাঁড় করিয়ে যাত্রী নেওয়া হচ্ছে। তিনি নিজেও অবশ্য দাঁড়িয়েই ছিলেন।

চালকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সিটিং গাড়িতে দাঁড় করিয়ে যাত্রী নিয়েছেন কেন? অমায়িক হেসে বাবুল জানালেন, ‘চান্স পাইছি, লইয়া লইছি। মিরপুর থেইকা খালি আছিল।’

গাড়ির ভেতর ফ্যান না থাকলেও ফ্যান লাগানোর সুবিধা আছে দেখে বোঝা যায় একসময় হয়তো এ গাড়িতেও ফ্যান ছিল। যাত্রীদের জন্য ফ্যান না থাকলেও চালকের মাথার ওপর একটি ফ্যান চলছে। এতে অবশ্য এই ভেবে ভালো লাগল যে, যাক এই গরমে যাত্রীদের মতো চালকের মাথাটাও গরম হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কম। এতে সবারই মঙ্গল।

চালক বাবুলের কাছে জানতে চাইলাম, বাসে ফ্যান নেই কেন? সোজা উত্তর, ‘সিটি সার্ভিসে আবার ফ্যান!’

গল্পের ফাঁকে চালক বলছিলেন, জ্যাম না থাকলে ৩০-৩৫ মিনিটে তিনি মিরপুর থেকে গুলিস্তান পৌঁছান। কিন্তু দেখা গেল এ যাত্রায় বিজয়সরণি থেকে ফার্মগেট পার হতেই সময় লেগেছে প্রায় ২৫ মিনিট।

বেলা সাড়ে তিনটার দিকে কারওয়ান বাজার থেকে আবার উঠলাম একটি লোকাল বাসে। গন্তব্য মত্স্যভবন। ভাগ্য ভালো, উঠেই বসার আসন পেলাম। কিন্তু বসতে গিয়ে বিপত্তি। বাসের সামনে-পেছনে দুই জোড়া আসনের মধ্যে খালি জায়গা এতই ছোট যে, সেখানে পা রাখাটাই মুশকিল। এক পা একটু বাইরে এলিয়ে দিয়ে বসাতে কিছুটা আরাম হলো। কিন্তু বাংলামোটর গিয়ে যাত্রী বাড়ল। অনেকে দাঁড়ালেন। এঁদের একজনের দাঁড়ানোর ক্ষেত্রে সমস্যা বাধাচ্ছে আমার পা। এত ঝামেলা করে বসার চেয়ে দাঁড়িয়ে থাকাই ভালো। তাই আসন ছেড়ে উঠে দাঁড়ালাম।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবার ফেরার পালা। রাস্তায় নেমেই দেখা গেল সার সার বাস ঠাঁয় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে শাহবাগ থেকে মত্স্যভবন পুরোটাই গাড়ির সার। অনেকগুলোর ভেতরে ঠাসা যাত্রীরা হাঁসফাঁস করছেন। মনে পড়ল, এটি বৃহস্পতিবারের সন্ধ্যা। বাসে ওঠার চিন্তা বাদ দিতে হলো।

রাত নয়টার পর কারওয়ান বাজার থেকে আবার বাসে ওঠার চেষ্টা। একটার পর একটা বাস আসছে। কোনোটি থামছে, কোনোটি থামছে না। থামলেও ওঠার চেষ্টা করে একাধিকবার ব্যর্থ হয়েছি। অবশেষে আধা চলন্ত স্বকল্প নামের একটি বাসে লাফিয়ে উঠে পড়লাম। কিন্তু কী বিপত্তি! ওপরের দিকে যাওয়ার জো নেই। দরজার কাছেই ঝুলে থাকতে হলো। আমি একা না। আরও কয়েকজন। একটু ঠেলে ঠুলে ওপরের দিকে উঠতে বুঝলাম ঝুলে থাকাই ভালো ছিল। এখন ভ্যাপসা গরম আর ঘামের গন্ধে দম বন্ধ-অবস্থা। গাড়ি চলছে, চলছে না। ফার্মগেট আসার পর গাড়ি কিছুটা খালি হলো। এ সুযোগে ভেতরের দিকে ঢুকে পড়লাম। অবাকই হলাম, ভেতরের দিকে দাঁড়ানোর অনেক জায়গা। গাড়িটিও বেশ চওড়া। কিন্তু কেন জানি না সবাই দরজার কাছাকাছিই দাঁড়াতে চায়। এ কারণে অনেককে ঝুলেও থাকতে হচ্ছে।

বাসচালকের সহযোগী বারবার চেষ্টা করছেন দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভেতরের দিকে পাঠাতে। কিন্তু কেউ তেমন একটা সাড়া দিচ্ছেন না। উল্টো কারও কারও গালমন্দের শিকার হলেন চালকের সহযোগী। এ নিয়ে এক যাত্রীর সঙ্গে তাঁর এক প্রস্থ ঝগড়াও হয়ে গেল। উত্সাহী দুয়েকজন সিটে বসা যাত্রীও চালকের সহযোগীর পক্ষ নিলেন। এতে ফল হলো। দুয়েকজন ভেতরে ঢুকলেন।

এবার নতুন ঝামেলা ভাড়া নিয়ে। এক যুবক ফার্মগেট থেকে উঠেছেন, যাবেন মিরপুর-১০। ভাড়া দিয়েছেন সাত টাকা। ভাড়া সংগ্রহকারীর দাবি, ন্যায্য ভাড়া ২০ টাকা। যুবকের জবাব, ‘স্টুডেন্ট’। ভাড়া সংগ্রহকারী তাঁর কাছে অর্ধেক ভাড়া হিসেবে ১০ টাকা দাবি করলেন। শেষতক কে জয়ী হলো, তা দেখার আগেই নেমে পড়তে হলো।