৩৬ বছরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠকের সংখ্যা লক্ষ গুণ বেড়েছে উল্লেখ করে এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘বই পড়ার কার্যক্রম যখন শুরু করেছিলাম, তখন সভ্যর সংখ্যা ছিল মাত্র ১৫। আর ৩৬ বছর পরে আজ পুরো দেশে সভ্যর সংখ্যা ১৫ লাখ। একদিন বিশ্বসাহিত্য কেন্দ্র হবে পুরো বাংলাদেশ।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত পুরস্কার বিতরণী উৎসবে এসব কথা বলেন আবদুল্লাহ আবু সায়ীদ। চট্টগ্রাম

মহানগরের পুরস্কার বিতরণী উৎসব ২০১৫ উপলক্ষে গতকাল বিদ্যালয় মাঠে বসেছিল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা। মাঘের সকালে শীতকে উপেক্ষা করে সাড়ে আটটার মধ্যেই অনুষ্ঠান প্রাঙ্গণে হাজির হয় কয়েক হাজার বইপড়ুয়া কিশোর-কিশোরী।
পুরস্কার নিতে আসা ছাত্রছাত্রীদের উদ্দেশে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘তোমরা বেশি করে বই পড়, ভালো হও, বড় হও। তোমরা ভালো হলে বাংলাদেশ বড় হবে। আর কখনো বলবে না খারাপ আছি। বলবে না মন খারাপ। সব সময় বলবে ভালো আছি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ, টিভি ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ, গ্রামীণফোন চট্টগ্রামের হেড অব রিজিওনাল শাহ মোহাম্মদ ইব্রাহিম আজাদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কর্মসূচির সংগঠক আলেক্স আলীম, সমন্বয়কারী সুমি খান প্রমুখ।
মামুনুর রশীদ বলেন, ‘তোমরা বই পড়বে স্বপ্ন দেখার জন্য, জ্ঞান অর্জনের জন্য, মানুষ হওয়ার জন্য।’
২০১৪ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় চট্টগ্রামের ৭৩টি বিদ্যালয়ের ৪ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে এসব পুরস্কারের জন্য মনোনীত করা হয়।