একদিনে ১৩৭ রোহিঙ্গার অনুপ্রবেশ

হঠাৎ করে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে গেছে। আজ রোববার কক্সবাজারের টেকনাফে নতুন করে ৩৭টি পরিবারের ১৩৭ জন রোহিঙ্গা সদস্য অনুপ্রবেশ করেছে। এদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের এখনো কিছু কিছু এলাকায় রোহিঙ্গা রয়েছে। তারা বাড়িঘর ছেড়ে বন-জঙ্গলে অবস্থান নিয়েছে। সেখানে তীব্র শীতে মানবেতর জীবন যাপন করছে। সেখানে খাবার ও পানির তীব্র সংকট চলছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এ কারণে তারা বাংলাদেশে ঢুকতে মরিয়া হয়ে পড়েছে।
হারিয়াখালী ত্রাণকেন্দ্র সূত্রে জানা গেছে, নাফ নদী পেরিয়ে টেকনাফে আসার পর তাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। পরে মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িতে করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক প্রথম আলোকে বলেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরপরও রোহিঙ্গাদের আসা অব্যাহত আছে। চলতি মাসের ছয় দিনে ২৩ পরিবারে ৭৮ জন রোহিঙ্গা সদস্য অনুপ্রবেশ করেছেন। কিন্তু আজ হঠাৎ করেই একদিনে ১৩৭ জন রোহিঙ্গা আসায় উদ্বেগ বেড়েছে।