একনজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনা

দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৬ জন শিক্ষার্থীকে গতকাল শুক্রবার সকালে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ইকবালুর রহিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আকতার, অভিভাবক ইরফান আলী চৌধুরী, রুখসানা পারভীন বক্তব্য দেন। এ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ২১৯ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। l দিনাজপুর অফিস

সন্ন্যাসতলীর মেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী সন্ন্যাসতলীর মেলায় উৎসবে মেতে উঠেছিল এলাকার হাজারো মানুষ। মেলাকে ঘিরে এলাকার প্রায় অর্ধশত গ্রামের বাড়ি বাড়ি অতিথিদের আগমন ঘটে। মেলা উপলক্ষে চার কিলোমিটারজুড়ে বসেছিল ঘুড়ি, ফলমূল, মিষ্টি, বাঁশের তৈরি ডালা-কুলা, চাঙাড়ি, হাতপাখা, মাছ ধরার ফাঁদের দোকান। শিশু-কিশোরেরা মেতে উঠেছিল ঘুড়ি ওড়ানো উৎসবে। l ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

বগুড়ায় সম্মেলন

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটির সম্মেলন গতকাল শুক্রবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ও বগুড়া শাখার সহযোগিতায় সম্মেলনে দুটি বিভাগের শতাধিক নেতা উপস্থিত ছিলেন। বগুড়া জেলা শাখার সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, মহাসচিব গোলাম রউফ। l নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দোকানে চুরি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের সুমি স্টোরে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। দোকানমালিক ধীরা লাল দেব জানান, বৃহস্পতিবার রাত নয়টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে দোকানে এসে দেখেন দরজা ভেঙে চোরেরা সিন্দুক থেকে ৭০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। থানার ওসি মাকছুদুর রহমান জানান, ঘটনটি তদন্ত করা হচ্ছে। l জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি