একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শুক্রবার রাত দুইটার দিকে পরিবহনে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলাম শেখ (৪২) নামের এক ব্যক্তিকে দুটি ম্যাগাজিন ও গুলিভর্তি একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে। শফিকুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শফিকুল জানিয়েছেন, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে তিনি অস্ত্রটি বেনাপোল থেকে টাঙ্গাইলের ঘাটাইলে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। গতকাল শনিবার মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপ্রাচীরের চাপায় মৃত্যুভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের পর যশোর শহরের শংকরপুর এলাকায় প্রাচীরচাপা পড়ে হাসিনা খাতুন (৪০) নামের এক নারী মারা গেছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসিনা খাতুন শহরের নাজির শংকরপুর মধ্যপাড়ার বাসিন্দা। ঝড়ের পর রাত ১০টার দিকে হাসিনা খাতুন পার্শ্ববর্তী একটি বাড়ির প্রাচীরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রাচীর ভেঙে হাসিনার শরীরের ওপর পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।  যশোর অফিসকৃষকবন্ধনফরিদপুরে কৃষকদের সাত দফা দাবিতে কৃষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে খুলনা জেলার সুন্দরবন থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদী পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী রেলগেট, কামারখালী বাসস্ট্যান্ড ও মাঝকান্দি বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচিতে শত শত কৃষক অংশ নেন। সাত দফা দাবির অন্যতম হলো: ধান, পাট, সবজিসহ ফসলের লাভজনক দাম, কৃষকের কাছ থেকে ফসল ক্রয়, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু।  ফরিদপুর অফিসসম্মেলন অনুষ্ঠিতসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিষমডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের চত্বরে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল কুমার মাহাতো। পলাশ মাহাতোর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা রামপ্রসাদ মাহাতো, বিভূতিভূষণ মাহাতো, শিপন রবিদাস, রাজিব কুমার মাহাতো, নিমাই চন্দ্র মাহাতো, সন্তোষ মাহাতো প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে পলাশ মাহাতোকে সভাপতি ও গজেন্দ্রনাথ মুরারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রায়গঞ্জ উপজেলা আদিবাসী ছাত্র পরিষদ গঠন করা হয়।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমাটি খুঁড়ে রাইফেলনীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মোক্তার হোসেন গত শুক্রবার রাতে ভবন তৈরির জন্য শ্রমিক লাগিয়ে ভিত্তি খোঁড়ার কাজ করছিলেন। খোঁড়ার একপর্যায়ে শ্রমিকেরা প্রায় ছয় ফুট গভীরে একটি বস্তুর অস্তিত্ব টের পান। বস্তুটি উদ্ধারের পর জানা যায়, এটি পলিথিনে মোড়ানো একটি রাইফেল, যেটি পরে থানায় আনা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজামান জানান, ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধে পরাজয়ের পর পালিয়ে যাওয়ার সময় রাজাকারেরা ওই এলাকায় রাইফেলটি পুঁতে রাখে।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিপুরস্কার বিতরণনওগাঁয় প্রাথমিক বিদ্যালয়গুলোর জেলা পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে উদ্যোগে নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সাংসদ আবদুল মালেক। বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রমুখ।  নওগাঁ সংবাদদাতাআনন্দ শোভাযাত্রানেত্রকোনার মদন উপজেলার হাজী আবদুল আজিজ খান ডিগ্রি কলেজ সরকারীকরণ করায় এ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল শনিবার আনন্দ শোভাযাত্রা বের করেন। এতে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর অভিনন্দনপত্র দেওয়া হয়। ১৯৮৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২৭ বছর পর ভাটি এলাকার এ কলেজটি সরকারি হলো। গত মঙ্গলবার শিক্ষা অধিদপ্তর থেকে এ কলেজসহ দেশের আটটি বেসরকারি কলেজ সরকারীকরণের আদেশ জারি করা হয়।  নেত্রকোনা প্রতিনিধি।প্রতিষ্ঠাবার্ষিকীসিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার বাসিন্দাদের সংগঠন ‘হবিগঞ্জ সমিতি’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান তরফদার, সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হাবীব, উপপুলিশ কমিশনার এজাজ আহমদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমদ চৌধুরী।  সিলেট প্রতিনিধি।ইয়াবা জব্দব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পরিত্যক্ত একটি প্যাকেটের মধ্যে ইয়াবা বড়ি দেখে টহল পুলিশ তা উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। মুক্তিযোদ্ধার নামে...আখাউড়ার গাজীরবাজার থেকে দুর্গাপুর পর্যন্ত সড়কটি মুক্তিযোদ্ধা ও চিকিৎসক দারুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ মো. শাহ আলম গত শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা দারুল ইসলাম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে আখাউড়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে।  আখাউড়া প্রতিনিধিচুরির অভিযোগগাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ৩৫ লাখ টাকা ও মালামাল চুরির অভিযোগে মামলা হয়েছে। কালিয়াকৈর থানায় গত শুক্রবার রাতে এ মামলা করা হয়। মামলার পর গতকাল শনিবার পুলিশ বুথ পরিদর্শন করে। এ সময় বুথের নিরপাত্তাকর্মী রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।  গাজীপুর প্রতিনিধি চালক নিহতমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গর্জনা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক রফিকুল ইসলাম (২২) সাটুরিয়ার উত্তর কাউন্নারা গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে সাটুরিয়া-পাকুটিয়া সড়কের গর্জনা এলাকায় দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রফিকুলের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাটুরিয়া থানার এসআই মো. মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  মানিকগঞ্জ প্রতিনিধি