একনজরে
তরুণের মৃত্যু
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে গতকাল বৃহস্পতিবার সকালে রায়হান আলম (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের আনসার আলীর ছেলে। সকাল নয়টার দিকে রায়হান আলম স্টেশনের মালগুদাম এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। l আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
ধর্মঘট প্রত্যাহার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। রোগীর স্বজন ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করেছেন—এই অভিযোগ তুলে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন ইন্টার্নি চিকিৎসকেরা। এতে হাসপাতালের রোগীরা বিপাকে পড়ে। হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, ইন্টার্নি চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার তাঁরা কাজে যোগ দিয়েছেন। l রংপুর অফিস
শিক্ষক বরখাস্ত
দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসুপাড়া উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গত বুধবার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। l পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
জরিমানা আদায়
গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। জরিমানা প্রদানকারী দুই ব্যক্তি হলেন তালমা গ্রামের আবু সাঈদ (২৮) ও আবুল হোসেন (৪৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রুহুল কুদ্দুস। l ফরিদপুর অফিস
চাঁদপুর নৌবন্দর থেকে ২৮ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নৌযান চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানতে পারে—এ আশঙ্কায় গত বুধবার বেলা তিনটায় এই বন্দর থেকে বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঈগল লঞ্চের তত্ত্বাবধায়ক আজগর আলী গতকাল সন্ধ্যায় বলেন, ‘কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জের উদ্দেশে কয়েকটি মাঝারি ধরনের লঞ্চ ছেড়ে যাবে। রাত সাড়ে নয়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এমভি মিতালী। এ ছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে পূর্বনির্ধারিত সময়ে প্রতিটি লঞ্চ ছেড়ে যাবে।’l চাঁদপুর প্রতিনিধি
ঢেউটিন বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫৩টি দুস্থ পরিবার ও আটটি প্রতিষ্ঠানের মধ্যে সরকারিভাবে ৬১টি বান্ডিল ঢেউটিন ও নগদ এক লাখ ৮৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। l জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বকেয়া আদায়ে
কুমিল্লায় দুই মাসের অধিক বকেয়া রয়েছে—এমন গ্রাহকদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে নোটিশ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কুমিল্লা কার্যালয় ওই নোটিশ জারি করে। বিউবো কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী কাজল কান্তি চৌধুরীর সই করা ওই নোটিশে উল্লেখ করা হয়, বকেয়ার জন্য গ্রাহকদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হবে। l নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী বাজার এলাকায় গাঁজা কেনাবেচার সময় দুই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এঁরা হলেন সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া এলাকার আমির আলী (৫৫) ও সোহাগপুর এলাকার মঞ্জুরুল হক (২০)। পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাঁজা বিক্রির সময় তাঁদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম ও কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি বড়ুয়া তাঁদের সাজা দেন। l গাজীপুর প্রতিনিধি