একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারিনাটোর সদর উপজেলার নলডাঙ্গা ঈদগাহ মাঠ ও তৎসংলগ্ন এলাকায় গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল ওই ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সভা আহ্বান করেছিল। এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নির্বাহী হাকিম কামরুন্নাহার ওই স্থানে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। এ নির্দেশ জারি করার পর উভয় দল কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  নাটোর প্রতিনিধিডাকাত সন্দেহে...দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী কেশরমাল্লী মোড় থেকে গত শনিবার ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর শানটিবাড়ী গ্রামের শরিফুল ইসলাম, রংপুর সদর উপজেলার চব্বিশ কদমতলা গ্রামের সহিদার রহমান ও রংপুর নগরের মেডিকেল মোড়ের সাগর। পুলিশ তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। তাঁদের গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিশিশুর মৃত্যুসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বানতিয়ার গ্রামে গত শনিবার খালে পড়ে সিফাত আলী (৫) নামের এক শিশু মারা গেছে। সে একই গ্রামের আবদুল জলিলের ছেলে। শনিবার সন্ধ্যায় সে বাড়ির পাশের খালের সাঁকো পার হচ্ছিল। এ সময় সে খালের মধ্যে পড়ে যায়। আধা ঘণ্টা পর লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপুলিশে সোপর্দবগুড়ার ধুনট উপজেলার সদরপাড়া গ্রামের লুৎফুর রহমান তাঁর মাদকাসক্ত ছেলে লালচান বাবুকে গতকাল রোববার সকালে থানায় সোপর্দ করেছেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম হাফিজুর রহমান মাদক সেবনের দায়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দুপুরে পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠায়।  ধুনট (বগুড়া) প্রতিনিধিপিটিয়ে হত্যাকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের শাহিন আলী গত শনিবার পাটবোঝাই ট্রলি নিয়ে ধরমপুরে যাচ্ছিলেন। পথে আবদুল মান্নানের ছেলে মাশরাফি ট্রলির পেছনে ঝুলতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়। এ নিয়ে গ্রামবাসী সালিসে ট্রলিচালককে এক হাজার টাকা জরিমানা করে। খবর পেয়ে শাহিনের ভাই খাইরুল ইসলাম (৪৫) বিস্তারিত জানতে ধরমপুরে মান্নানের বাড়িতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন খাইরুলকে এলোপাতাড়ি পেটায়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।  কুষ্টিয়া অফিসবাংলাদেশির মৃত্যুভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় বাবু মিয়া (৩০) নামের এক বাংলাদেশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল রোববার সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তের ওপারে ভারতের কৈজুরি এলাকায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল মুজিদ সরকারের ছেলে। বাবু মিয়া দুই সপ্তাহ আগে কাজ করার জন্য ভারতে যান।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাহামলায় আহত ১পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক সেবনের প্রতিবাদ করায় শফি হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। গত শনিবার রাত আটটার দিকে পৌরসভার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কলেজপাড়ার হালিম জমাদ্দারের বাড়ির সামনে উত্তর কলেজপাড়ার বাসিন্দা মিরাজ হোসেনসহ (২০) কয়েকজন মাদক সেবন করছিলেন। এ সময় ওই এলাকার শফি হাওলাদার মাদকসেবীদের দেখতে পেয়ে ধমক দিলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শফি তাঁদের থাপড় দেন। এ ঘটনায় মিরাজের নেতৃত্বে কয়েকজন তরুণ শনিবার রাতে শফির ওপর হামলা চালান।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিলাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় মোছাব্বির হোসাইন (২৪) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার রাতে পুনিয়াউট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে রেলওয়ে পুলিশের দাবি, তারা ট্রেনে কাটা পড়া কোনো লাশ উদ্ধার করেনি। নিহত কলেজছাত্র মোছাব্বির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা (সমঞ্চান) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার বিজেশ্বর গ্রামের মৃত মোশারফ হোসাইনের ছোট ছেলে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, রেল পুলিশ শনিবার রাতে কোনো লাশ উদ্ধার করেনি।  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিএকজনের মৃত্যুসুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত তফাজ্জুল হোসেন চৌধুরী (৩০) গত শনিবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার সাকিতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তফাজ্জুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গতকাল রোববার রাতে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিমানববন্ধনময়মনসিংহের নান্দাইলের বিএনপি নেতা আজিজুর রহমান ওরফে কামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার উলুহাটি, রাজগাতী, আউটারগাতি, গাংগাইল ও বনাটি গ্রামের লোকজন গতকাল কয়েক কিলোমিটার পথ হেঁটে নান্দাইল পৌর শহরে আসেন। এরপর তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন। আজিজুর রহমান উপজেলার রাজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। গত ২১ জুলাই রাতে দুর্বৃত্তরা আজিজুরকে হত্যা করা হয়।  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি