একনজরে
জাল জব্দনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সুনুই বিল ও চিরাংবাজারসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে গতকাল বুধবার অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ১০ মণেরও বেশি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারেন্ট জাল বহনের দায়ে হাছেন মিয়া নামের এক ট্রলারচালককে তিন হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা বলেন, উদ্ধার করা জালের দাম প্রায় ১০ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল উপজেলা পরিষদ চত্বরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।যাবজ্জীবন কারাদণ্ডকিশোরগঞ্জের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার রায়ে আসামি সুনীলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বেগম তাবাসসুম ইসলাম এ রায় দেন। মামলার অপর আসামি বাবুলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৯ নভেম্বর সোহেলকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। সুনীল বর্তমানে পলাতক। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।‘ছাত্রদল নেতার’ জেলসিলেটে ফয়েজ আহমদ নামের এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ আদালত) জালালউদ্দিন আহম্মদ এ রায় দেন। ফয়েজের বাসা সিলেট নগরের মিতালী আবাসিক এলাকায়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৬ এপ্রিল র্যাবের একটি দল ফয়েজকে নগরের উপশহর থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। এপিপি নূরে আলম সিরাজী জানান, ফয়েজ ছাত্রদলের নগর কমিটির সদস্য। নিজস্ব প্রতিবেদক, সিলেট।ইভ টিজিংয়ের অভিযোগেইভ টিজিংয়ের অভিযোগে মঙ্গলবার বিকেলে নীলফামারীর ডিমলার সরদারহাট মোড় থেকে ফরিদুল ইসলাম (২২) ও জুয়েল (২০) নামের দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ডিমলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে মঙ্গলবার ওই দুই যুবক উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখালে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রীর বাবা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। নীলফামারী প্রতিনিধিজালে আগুনমাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ছয়টি নদী থেকে মাছ ধরার বাঁধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার ছালা, বেড়া ও কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে। সকালে মাদারীপুরের ম্যাজিস্ট্রেট আ. রউফ তালুকদার, মৎস্য কর্মকর্তা নাজমুদ হুদা ও পুলিশের উপপরিদর্শক শেখ আবদুল্লাহের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিহকার আহতনোয়াখালীর সেনবাগে সন্ত্রাসী হামলায় মোহাম্মদ সফি উল্লা (৫২) নামে পত্রিকার একজন হকার গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ছাতারপাইয়া বাজারে পত্রিকা বিক্রি করার সময় ওই ঘটনা ঘটে। সফি উল্লা পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার বারগাঁও গ্রামের নজু মিয়ার ছেলে। ওই দিন সকালে সোনাইমুড়ি বাজার থেকে পত্রিকা নিয়ে স্থানীয় ছাতারপাইয়া বাজারে বিলি করার সময় তিন-চারজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। নোয়াখালী অফিসভুয়া পরীক্ষার্থীডিগ্রি পাস পরীক্ষার প্রক্সি দিতে এসে সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে চার ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার সেনেহারি গ্রামের আবু জাহেদ, বালিয়াডাঙ্গী উপজেলার পাটাগ্রামের আবু সাঈদ, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়ার ফারুক হোসেন ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী গ্রামের লকেট পাল। নির্বাহী হাকিম জহরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি