একনজরে
রিং-স্লাব বিতরণদিনাজপুরের বিরামপুর উপজেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনার লক্ষ্যে গ্রামের অসহায় ও গরিব পরিবারের মধ্যে রিং-স্লাব বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম এসব রিং-স্লাব বিতরণ করেন। উপজেলার সাতটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩০০ পরিবারের মাধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ হাফিজউল্লাহ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুনসুর আলম ও জিন্নাতুন নেসা উপস্থিত ছিলেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিপাঁচজন গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজারে গত বৃহস্পতিবার পল্লব শীল (২২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই দিনে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, উপজেলার আনন্দপাড়া গ্রামের রেজাউল করিম, পৌসভার রহমানপুর শীলের মাঠ এলাকার ইউসুফ ওরফে লিটন, শাহন ইসলাম, রেলওয়ে স্টেশনপাড়ার হাবিবুল ইসলাম ও সুমন। পুলিশ জানায়, মুঠোফোন ট্র্যাক করে রেজাউল ইসলামকে সোমবার রাতে হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিস্মারকলিপি পেশকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের বর্ধিত দাম প্রত্যাহারসহ তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উপাচার্যের কাছে পেশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গত মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য এম আলাউদ্দিনের কার্যালয়ে ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম এম রাশিব রহমানের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সম্প্রতি হলগুলোতে খাবারের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা প্রত্যাহার করে ভর্তুকি বাড়ানো, শিক্ষার্থীদের জন্য আরও আবাসিক হল নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল করা। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রধান আসামি গ্রেপ্তারদাওয়াত করে এনে বন্ধু আবদুল মান্নানকে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ আসাদুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার ভোরে তাঁকে যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রামবাসী ও পুলিশ জানায়, বিরোধ মীমাংসার নামে যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের আবদুল মান্নানকে গত ২৬ মার্চ দুপুরে বাড়িতে দাওয়াত দেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দলুইপুর গ্রামের আসাদুল ইসলাম। ভাত খাওয়ার সময় মান্নানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মান্নানকে হত্যার ঘটনায় তাঁর শ্বশুর আবুল কালাম আসাদুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনের নামে মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা দুই শিশুর মৃত্যুরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়াপাড়া গ্রামে গত সোমবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে আছিয়া খাতুন (৬) ও তার চাচাতো ভাই শান্ত শেখ (৪) সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই দুই শিশুর পরিবারের ধারণা, খেলতে গিয়ে কোনোভাবে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপ্রতিষ্ঠার দাবিপ্রতিবন্ধীদের জন্য পুনর্বাসনকেন্দ্রসহ প্রতিবন্ধী কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার দাবি উঠেছে। গত মঙ্গলবার নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক সেমিনারে বক্তারা এই দাবি তোলেন। বেসরকারি সংস্থা এডিডি (অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট) ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন মোল্যার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মাহমুদ আলম, এডিডির গোলাম মোস্তফা, ইউনিসেফের ভারপ্রাপ্ত বিভাগীয় সমন্বয়ক ফোরকান আহম্মেদ। মূল প্রবন্ধের ওপর বক্তব্য দেন সাংবাদিক কার্ত্তিক দাস। নড়াইল প্রতিনিধি