একনজরে
হেরোইনসহ গ্রেপ্তার ১নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লাক মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উপজেলার কানশাইল খাঁ-পাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানায়, এই হেরোইনের বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, উপজেলার কানশাইল এলাকায় লাক মিয়ার বাড়িতে গতকাল ভোরে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করা হয়। লাক মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। নারায়ণগঞ্জ প্রতিনিধিপ্রতিবাদ সভা নরসিংদীর মনোহরদীর চালাকচর ইউনিয়নের চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে গোয়াইনঘাট প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিবাদ সভা করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজমুল হকের সঞ্চালনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওয়েছ আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলার সহসভাপতি মাসুক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হোসেন, আহমদুল কিবরিয়া বকুল, মো. কলিম উল্লাহ, ফজলুল আলম প্রমুখ। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিগ্রেপ্তার ২চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে র্যাব দুই হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময় ইয়াবা রাখার দায়ে কক্সবাজারের লাবণী পয়েন্ট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার লাবণী পয়েন্টে অভিযান চালিয়ে ২২টি ইয়াবা বড়িসহ লিয়াকত আলী ও হেলাল উদ্দিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানা গেছে। গ্রেপ্তার করা ওই দুই ব্যক্তির বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায়। অন্যদিকে চট্টগ্রামের পাহাড়তলী থানাসংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পাশ থেকে রোববার রাতে অভিযান চালিয়ে র্যাব পরিত্যক্ত অবস্থায় দুই হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। তবে সেখান থেকে কাউকে তারা গ্রেপ্তার করতে পারেনি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামনকল ওষুধচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী-পশ্চিমপাড়ায় নকল ওষুধ তৈরির অভিযোগে গত শুক্রবার রাতে এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও গোলাম আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কারখানার মালিক নুরুল ইসলাম একজন ভ্যানচালক। তিনি নিজেই মানুষ ও গবাদিপশুর ওষুধ তৈরি করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জরিমানা আদায়রাজশাহীতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লাইসেন্স ও অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় গত শনিবার ভ্রাম্যমাণ আদালত ১০টি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীজরিমানারাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলাচল নিষিদ্ধ নয়টি নছিমনের চালককে মোটরযান আইনে ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামান গত শনিবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা হলেও এই মহাসড়কে নছিমন চলাচল অব্যাহত রয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবাঁশি বাজিয়েমাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার আবালপুর এলাকায় গত শুক্রবার রাতে পুলিশ সেজে বাঁশি বাজিয়ে মোটরসাইকেলের গতি রোধ করে মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মাগুরা প্রতিনিধি