একনজরে
গাছের খণ্ড উদ্ধার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে ফাসিতোলা এলাকা থেকে মঙ্গলবার ইউক্যালিপটাসগাছের ৪০০টি খণ্ড উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকের চালক গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট গ্রামের জাহিদুল ইসলাম (৩২) ও চালকের সহকারী একই গ্রামের হারুন-অর রশীদকে (৩০) থানায় সোপর্দ করা হয়েছে। গাইবান্ধার সহকারি বন কর্মকর্তা রেজাউল করিম জানান, ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফাসিতোলা এলাকায় ট্রাকসহ গাছের খণ্ডগুলো উদ্ধার ও ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। গাইবান্ধা প্রতিনিধিকিশোর আটকরাজশাহীর বাগমারা উপজেলার বিলসনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী গতকাল বুধবার সকালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার জন্য শেরকোল শিমলা পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। কেন্দ্রের অদূরে সোনাডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম (১৬) নামের এক কিশোর ছাত্রীটিকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী ও তার সঙ্গে থাকা অন্য পরীক্ষার্থীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে কামরুলকে আটক করে পুলিশে দেয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাস উৎসব শেষদিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে পূজা অর্চনার পর সেখান থেকে শ্রীকৃষ্ণ বিগ্রহ মূর্তি ২০০ গজ দূরে নিয়ে স্থাপন করা হয়। সেখানে পূজা অর্চনা শেষে দুই ঘণ্টা পর তা পুনরায় মন্দিরে আনার মধ্য দিয়ে রাস উৎসব শেষ হয়। উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। মেলা উদ্বোধন শেষে মন্ত্রী মন্দির প্রাঙ্গণে পর্যটন করপোরেশনের মোটেল ও রেস্তোরাঁ উদ্বোধন করেন। দিনাজপুর অফিসসারসহ ট্রলার আটকপটুয়াখালীর পায়রা নদীর পাড় পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে গত মঙ্গলবার এক হাজার ৫০ বস্তা সারভর্তি একটি ট্রলার আটক করা হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহলের সময় ফেরিঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ট্রলারটি দেখে দিনভর নজরদারিতে রাখেন। কোনো লোকজন না দেখে তাঁরা বিকেলে ট্রলারটিতে তল্লাশি করে ওই সার দেখতে পান। পরে তাঁরা ট্রলারটি সদর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় পটুয়াখালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মারফত আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পটুয়াখালী অফিস চার বছর পর পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের গৃহবধূ তহমিনা বেগমকে (২৮) শ্বাসরোধ করে হত্যার চার বছর পর অপরাধ অনুসন্ধান বিভাগের (সিআইডি) পুলিশ আসামি সাদ্দাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়। জেলা সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সাদ্দামকে পটুয়াখালী আদালত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রামের মালদ্বীপ-প্রবাসী রুহুল আমিন মৃধার স্ত্রী তহমিনা বেগমকে ২০০৯ সালের ৮ এপ্রিল রাতে দুর্বৃত্তরা পানিতে ডুবিয়ে হত্যা করে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিকুকুরকে টিকাদানরাজবাড়ী শহরে কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ব্যাপক হারে কুকুরকে টিকা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচজনের একটি দল কাজ করছে। টিকা দেওয়ার পর কুকুরের গলায় লাল ফিতা বেঁধে দেওয়া হচ্ছে। রাজবাড়ী প্রতিনিধি